
পানের ঝুড়িতে অভিনব কৌশলে ইয়াবা পাচার, চান্দগাঁওয়ে ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবাসহ আটক ১
স্বাধীন খবর,নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম, ২৩ নভেম্বর ২০২৬:
পানের ঝুড়ির আড়ালে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওয়ে ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবাসহ ফজলুল কাদের (২৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৯০ হাজার টাকা।
রোববার (২২ নভেম্বর) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে চান্দগাঁও থানাধীন রাহাত্তারপুল এক কিলোমিটার এলাকার মুনিরিয়া মার্কেটের মেসার্স হযরত মালেক শাহ নামীয় পানের আড়তের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা পানভর্তি একটি প্লাস্টিকের ঝুড়ির ভেতরে সাদা কাপড়ের শপিং ব্যাগ থেকে ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ফজলুল কাদের (২৯) কক্সবাজার জেলার মহেশখালী থানার বাসিন্দা। তার পিতার নাম মৃত জালাল আহমদ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছিলেন।





















