টেকনাফে আইইডি তৈরির বিপুল সরঞ্জাম, বিদেশি পিস্তল ও ২৫৪ রাউন্ড গুলিসহ আটক ২
প্রকাশের সময় :
৯ ঘন্টা আগে
২২
পড়া হয়েছে
টেকনাফে আইইডি তৈরির বিপুল সরঞ্জাম, বিদেশি পিস্তল ও ২৫৪ রাউন্ড গুলিসহ আটক ২
নাশকতার উদ্দেশ্যে অস্ত্র ও বিস্ফোরক পরিবহনের অভিযোগ, জব্দ ২টি ইজিবাইক ও মোটরসাইকেল
কক্সবাজার, ২২ নভেম্বর ২০২৬: কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে শতাধিক আইইডি বোমা তৈরির বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জাম, একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় একনলা বন্দুক ও ২৫৪ রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মালামাল পরিবহনে ব্যবহৃত দুটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফের নতুন পল্লানপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (১৯) এবং দক্ষিণ লেঙ্গুর বিল এলাকার মো. হোসেনের ছেলে মো. ইব্রাহিম (১৮)।
বিজিবি জানায়, গত ২১ নভেম্বর দিবাগত রাত ১০টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানতে পারে, বটতলী থেকে পর্যটন এলাকার আদর্শগ্রাম হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্র ও বিস্ফোরকের একটি বড় চালান পরিবহন করা হবে।
এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর পরিকল্পনা ও নির্দেশনায় আদর্শগ্রামসহ টেকনাফের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে আদর্শগ্রামের একটি কাঁচা রাস্তা দিয়ে আসা সন্দেহভাজন দুটি ইজিবাইককে থামার সংকেত দেওয়া হয়। এ সময় চালকেরা জানান, ইজিবাইকে বহন করা মালামালের মালিক সামনে থাকা মোটরসাইকেল আরোহীরা। পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেল আরোহীদের জিজ্ঞাসাবাদের জন্য এগিয়ে গেলে তারা পালানোর চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি টহল দল শর্টগান দিয়ে সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে। একপর্যায়ে মোটরসাইকেলটি ফেলে আরোহীরা রাতের অন্ধকারে পালিয়ে যায়।
পরবর্তীতে দুটি ইজিবাইক ব্যাটালিয়ন সদরে নিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বস্তার ভেতরে প্লাস্টিকের ড্রাম ও এলপিজি গ্যাস সিলিন্ডারের অভ্যন্তরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে—শতাধিক আইইডি বোমা তৈরির ধাতব কৌটা, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় একনলা বন্দুক, ২৫৪ রাউন্ড গুলি, ৩ কেজি ৭০৯ গ্রাম প্লাস্টিক বিস্ফোরক, ৩ কেজি ১৭২ গ্রাম গান পাউডার, ১ কেজি ৮৫২ গ্রাম মোটা দানার বিস্ফোরক, ২ কেজি ৭০৮ গ্রাম মাঝারি দানার বিস্ফোরক এবং ২ কেজি ৪৯ গ্রাম মিহি দানার বিস্ফোরক।
এ ছাড়া ১১ কেজি ৯০ গ্রাম স্টিলের ছোট বল, আট কয়েল বৈদ্যুতিক তার, এক সেট উন্নতমানের টুল বক্স, ৫৪টি দিয়াশলাই বাক্স, ৩ কেজি পেরেক ও ২৪টি স্কচটেপ উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে উদ্ধার করা আইইডি, অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য, বোমা তৈরির সরঞ্জাম এবং জব্দ করা যানবাহনের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের মজুত এবং পরিবহন প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।
তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।