নিজস্ব প্রতিবেদক, ২২ নভেম্বর,চট্টগ্রাম | স্বাধীন খবর
দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তিতে নিজের কর্মকাণ্ড, অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
রোববার সংবাদ সম্মেলনে তিনি জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা, জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান, দুর্যোগ মোকাবিলা, নাগরিক সেবা, পরিবেশ সংরক্ষণ ও মানবিক কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগের বিবরণ দেন। একই সঙ্গে সহযোগিতার জন্য প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও চট্টগ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।
২০২৫ সালের ১৮ নভেম্বর দায়িত্ব গ্রহণ করা জাহিদুল ইসলাম গত ১৮ নভেম্বর এক বছর পূর্ণ করেন।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, “মাঠ প্রশাসনের কাজে বাংলাদেশের বৈচিত্র্যময় জেলাগুলোর মধ্যে চট্টগ্রাম অন্যতম। এখানে এক বছর দায়িত্ব পালনের সুযোগ আমার কর্মজীবনের বড় প্রাপ্তি।”
তিনি জানান, সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় বাস্তবতা এবং নাগরিক প্রত্যাশার সমন্বয় ঘটানো জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সাগর, পাহাড় ও কর্ণফুলীবেষ্টিত চট্টগ্রামে জলাবদ্ধতা, বন্যা, পাহাড়ধস, অবৈধ দখল, মাদক ও পরিবেশদূষণ মোকাবিলায় কাজ করছে প্রশাসন।
*নির্বাচন ও জঙ্গল সলিমপুর*
দায়িত্ব গ্রহণের পর অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। চট্টগ্রামের ১৬টি আসনের প্রায় ৬৭ লাখ ভোটারের জন্য সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা, ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিতকরণ, কর্মকর্তাদের প্রশিক্ষণ, সিসিটিভি ও প্রযুক্তিনির্ভর নজরদারির উদ্যোগ নেওয়া হয়।
যেকোনো পরিস্থিতিতে পাঁচ মিনিটের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটকেন্দ্রে পৌঁছানোর আশ্বাস দিয়েছিলেন জেলা প্রশাসক। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে তিনি ‘বাংলাদেশকে জেতানোর নির্বাচন’ হিসেবে অভিহিত করেন।
জঙ্গল সলিমপুরে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ‘জিরো ক্যাজুয়ালটি’ নীতি অনুসরণ করে প্রাণহানি ছাড়াই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে জেলা প্রশাসন। বিষয়টি সরকারের প্রথম ১৮০ দিনের সাফল্যের তালিকায় স্থান পেয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
জেলা প্রশাসক বলেন, সেখানে সরকারি প্রতিষ্ঠান স্থাপন ও পরিকল্পিত নগরায়ণের পাশাপাশি বাসিন্দাদের বাসস্থান, খাদ্য ও চলাফেরার অধিকার নিশ্চিত করতে হবে। এ বিষয়ে হাইকোর্টে মামলা চলমান রয়েছে।
*দুর্যোগ মোকাবিলা ও পরিবেশ*
জুলাইয়ের বন্যায় সেনাবাহিনী, পুলিশ, স্বাস্থ্য বিভাগ ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে উদ্ধার, চিকিৎসা ও ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বাঁশখালীতে ক্ষতিগ্রস্তদের জন্য ১০০টি ঘর নির্মাণ করা হয়। ৯ আগস্ট প্রধানমন্ত্রী দুর্গত এলাকা সফর করেন।
‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ কর্মসূচিতে ২৫ জুলাই প্রথম দিনেই ১৩৫ টন বর্জ্য অপসারণ করা হয়। পরে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম এবং ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযানের আওতায় দুই হাজার মসজিদ প্রাঙ্গণ পরিষ্কার ও ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন করা হয়।
২৭ অক্টোবর জেলার ১৬ উপজেলাসহ বিভিন্ন এলাকায় প্রায় ১৫ হাজার মানুষের অংশগ্রহণে একদিনে এক লাখ বৃক্ষরোপণ করা হয়। সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যের অংশ হিসেবে চট্টগ্রামে দেড় কোটি চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
হালদায় শিল্পবর্জ্য ফেলার অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কর্ণফুলীর দূষণ ও দখল রোধে উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। কৃষিজমির উর্বর মাটি রক্ষায় খাল খননের মাটি ইটভাটায় ব্যবহারের প্রস্তাব সরকার বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধেও অভিযান চলছে।
*নাগরিক সেবা ও মানবিক উদ্যোগ*
ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে ‘জিরো এরর পলিসি’ অনুসরণ করে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই চলছে। কৃষি, মৎস্য ও পানি ব্যবস্থাপনায় খাল খনন কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে।
ঈদুল আজহায় ‘ফেস্টিভ সেল’ কর্মসূচিতে নিত্যপণ্যে মূল্যছাড়, প্রবাসীদের জন্য অনলাইন গণশুনানি, কারাবন্দীদের স্বজনদের সঙ্গে যোগাযোগে ‘স্বজন’ ইন্টারকম এবং ১০০ গ্রাম প্লাস্টিকের বিনিময়ে শিক্ষার্থীদের চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা চালু করা হয়।
প্রতি বুধবার গণশুনানিতে ভূমি বিরোধ, চিকিৎসা ও আর্থিক সহায়তাসহ নাগরিকদের অভিযোগ শোনেন জেলা প্রশাসক। গুলিবিদ্ধ শিশু রেশমা, পাঁচ মাসের জয়া দাস ও এইচএসসি পরীক্ষার্থী জামশেদকে সহায়তার পাশাপাশি শীতবস্ত্র, এতিম শিশুদের ঈদের পোশাক, প্রতিবন্ধীদের অটোরিকশা ও হুইলচেয়ার এবং ক্যানসার ও কিডনি রোগীদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
*অবকাঠামো, সংস্কৃতি ও সংকট নিরসন*
কালেক্টরেট ভবন, জিরো পয়েন্ট, ডিসি হিল, নজরুল স্কয়ার, নজরুল মঞ্চ, ডিসি বাংলো মসজিদ, সার্কিট হাউস ও জেলা স্টেডিয়ামের সংস্কার ও সৌন্দর্যবর্ধন করা হয়েছে।
ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবে ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুল প্রদর্শিত হয়। নববর্ষে সার্কিট হাউস থেকে ডিসি হিল পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক আলপনায় সাজানো হয়।
চুয়েট উপাচার্যকে ৩০ ঘণ্টা অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার এবং সীতাকুণ্ডে শিক্ষার্থীর মৃত্যুর পর পাঁচ ঘণ্টার মহাসড়ক অবরোধ নিরসনে প্রশাসন ভূমিকা রাখে।
সীতাকুণ্ডের জাহাজভাঙা শিল্পে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে মালিক সমিতির মাধ্যমে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসাসহায়তার ব্যবস্থা করা হয়।
*মানসিকতার পরিবর্তন*
সরকারি সেবার মানোন্নয়নে কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতার পরিবর্তন জরুরি উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, শুধু শাস্তির ভয় দেখিয়ে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি বলেন, “আমি চাই না, আমার সন্তান এই দেশ ছেড়ে চলে যাক। আমরা সবাই একটি মানবিক ও নিরাপদ বাংলাদেশে বসবাস করতে চাই।”
জঙ্গল সলিমপুরের উন্নয়ন, নদীদূষণ ও জলাবদ্ধতা নিরসন, অবৈধ দখল প্রতিরোধ এবং সরকারি সেবার মানোন্নয়নকে আগামী দিনের চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি।
সবাইকে ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক বলেন, “আপনাদের সহযোগিতায় আমাদের সার্বিক সফলতা সম্ভব হয়েছে। আগামী দিনেও একই সহযোগিতা প্রত্যাশা করি।”