চ্যানেল ২৪-এর চট্টগ্রামের আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজকে মুঠোফোনে হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ) উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন থেকে সাংবাদিকদের হুমকি ও হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। অন্যথায় ‘মার্চ টু পুলিশ কমিশনার’ কর্মসূচি পালনের ঘোষণা দেন সংগঠনটির সাবেক সভাপতি সোহাগ আরেফিন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সোহাগ আরেফিন। সিআরএর আহ্বায়ক কমিটির সদস্যসচিব সাইফুদ্দিন রমিজ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
বক্তারা বলেন, সাংবাদিকেরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের তথ্য তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। কিন্তু পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের হুমকি, হামলা ও নানা ধরনের চাপের মুখে পড়তে হচ্ছে। এভাবে ভয়ভীতি প্রদর্শন করে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করে।
তাঁরা আরও বলেন, একজন সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনা শুধু তাঁর ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারের সঙ্গেও জড়িত। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে। পাশাপাশি হুমকি ও হামলার প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
সভাপতির বক্তব্যে সোহাগ আরেফিন বলেন, সাংবাদিকদের হুমকি দিয়ে কিংবা হামলা চালিয়ে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না। সাংবাদিকদের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের গড়িমসি মেনে নেওয়া হবে না। সংশ্লিষ্ট ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
তিনি বলেন, অতিসত্বর অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা না হলে সাংবাদিকেরা ‘মার্চ টু পুলিশ কমিশনার’ কর্মসূচি পালন করবেন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হুমকিদাতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সিআরএর সাবেক সহসভাপতি মো. রাজু, সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক শাহীন, সহদপ্তর সম্পাদক জহির উদ্দিন বাবর, তথ্যপ্রযুক্তি সম্পাদক রিদুয়ান হৃদয়, আপ্যায়ন সম্পাদক সাফায়েত মোরশেদ,
চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য ইসমাইল ইমন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমেদ ওসমান, সহসভাপতি জামাল চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, মানবাধিকারবিষয়ক সম্পাদক গাজী নুরুল হক শাহ ও সহপ্রচার সম্পাদক রাসেল সরকারসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকেরা।