ভূমিকম্প আসার আগেই প্রস্তুতি নিতে হবে: দুর্যোগমন্ত্রী
প্রকাশের সময় :
১২ ঘন্টা আগে
২৪
পড়া হয়েছে
ভূমিকম্প আসার আগেই প্রস্তুতি নিতে হবে: দুর্যোগমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভূমিকম্পের আগেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, ভূমিকম্প বলে-কয়ে আসে না। হঠাৎ ভূমি কাঁপিয়ে বিস্তীর্ণ জনপদ ধ্বংস করে দিতে পারে। বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। তাই ভূমিকম্পের আগেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে, যাতে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা যায় এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হয়।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ‘প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ভূমিকম্প বিষয়ক প্রশিক্ষণ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
আসাদুল হাবিব দুলু বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ভূমিকম্পসহ দুর্যোগ মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করছে মন্ত্রণালয়। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকেরা দুর্যোগের সময় দ্রুত উদ্ধার ও মানবিক সহায়তার কাজে যুক্ত হতে পারবেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। দেশে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের দুর্যোগ আঘাত হানে। এসব দুর্যোগে মানুষের দুর্ভোগ কমাতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, প্রশিক্ষণ একজন মানুষকে পারঙ্গম ও পরিণত করে। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকেরা সুযোগ পাওয়া মাত্রই আর্তমানবতার সেবায় ঝাঁপিয়ে পড়বেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।