১০ লাখ টাকার জরিমানাও যথেষ্ট নয়, খাদ্যে ভেজালকারীদের শাস্তি বাড়ানোর উদ্যোগ
প্রকাশের সময় :
৫ ঘন্টা আগে
২৫
পড়া হয়েছে
১০ লাখ টাকার জরিমানাও যথেষ্ট নয়,খাদ্যে ভেজালকারীদের শাস্তি বাড়ানোর উদ্যোগ
স্বাধীন খবর নিজস্ব প্রতিবেদক :
খাদ্যে ভেজাল প্রতিরোধে বিদ্যমান আইন আরও কঠোর ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি। তিনি বলেছেন, প্রচলিত আইনে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান থাকলেও অসাধু ব্যবসায়ীদের জন্য তা যথেষ্ট প্রতিরোধক হচ্ছে না। তাই খাদ্যে ভেজাল মেশানোর অপরাধে আরও কঠোর শাস্তি নিশ্চিত করতে আইন সংশোধনের প্রয়োজন রয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার মাসিক উন্নয়ন ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, জনস্বার্থ নিশ্চিত করতে দেশের প্রচলিত আইনগুলো সময়োপযোগী ও কার্যকর করা জরুরি। জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রধান দায়িত্ব। গতানুগতিক দায়িত্ব পালনের বাইরে গিয়ে প্রতিটি দপ্তরকে নিজস্ব কর্মপরিকল্পনা গ্রহণ এবং জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আরও সক্রিয় হতে হবে।
খাদ্যে ভেজাল প্রতিরোধে বিদ্যমান আইনের বিধান উল্লেখ করে আফরোজা খানম বলেন, বর্তমানে এ অপরাধে পাঁচ বছরের কারাদণ্ড অথবা ১০ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। কিন্তু অসাধু ব্যবসায়ীদের নিবৃত্ত করতে এ শাস্তি যথেষ্ট হচ্ছে না। এ কারণে আইনকে আরও কঠোর ও কার্যকর করা প্রয়োজন, যাতে কেউ খাদ্যে ভেজাল মেশানোর সাহস না পায়।
তিনি বলেন, শুধু আইন প্রণয়ন করলেই হবে না, এর যথাযথ প্রয়োগও নিশ্চিত করতে হবে। এ জন্য আইনজীবী, প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অপরাধীদের যথাযথ বিচার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান খাদ্যমন্ত্রী।
মানিকগঞ্জের বিসিক শিল্পনগরী প্রসঙ্গে তিনি বলেন, অব্যবহৃত কারখানা ও সম্ভাবনাময় প্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থা পর্যালোচনা করে পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করতে হবে। প্রয়োজনে বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করে এসব প্রতিষ্ঠান চালুর উদ্যোগ নিতে হবে। এতে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
উন্নয়ন পরিকল্পনায় কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা, বিশেষ করে মোটরসাইকেল ও সেলফি-সংক্রান্ত দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করার নির্দেশ দিয়ে তিনি বলেন, সামান্য সমস্যার কারণে কোনো প্রকল্প দীর্ঘদিন আটকে রাখা যাবে না। প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত সমস্যার সমাধান করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুনারা সুলতানা। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে জেলা প্রশাসনের নবনির্মিত ‘মুক্তিযোদ্ধা শিশু পার্ক’ উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। বিকেলে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ‘মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করেন তিনি।
সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে জামিয়া ইসলামিয়া ও মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন খাদ্যমন্ত্রী।