নিজের বিজ্ঞাপনী প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পাওনা ও ২৪ কোটি টাকার হিসাব—অব্যাহতি সিইওর
প্রকাশের সময় :
৫ ঘন্টা আগে
১৯
পড়া হয়েছে
২৪ কোটি টাকার বিজ্ঞাপন বিল আদায় হয়নি, অব্যাহতি পেলেন মোহনা টিভির সিইও
নিজস্ব বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসার অভিযোগ, বকেয়া আদায়ে নিষ্ক্রিয়তারও অভিযোগ
স্বাধীন খবর নিজস্ব প্রতিবেদক ঢাকা :
প্রায় ২৪ কোটি ৪০ লাখ টাকার বিজ্ঞাপনী বিল বকেয়া। এর মধ্যে নিজের মালিকানাধীন বা সংশ্লিষ্ট বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের কাছেও পাওনা রয়েছে অর্থ। অথচ সেই অর্থ আদায়ে কার্যকর উদ্যোগ না নেওয়ার অভিযোগ উঠেছে মোহনা টেলিভিশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. তসলিম চৌধুরীর বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
গত ১৮ নভেম্বর জারি করা এক আদেশে তসলিম চৌধুরীকে সিইও পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। আদেশটি ওই দিন থেকেই কার্যকর হয়েছে। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করেন।
মোহনা টেলিভিশনের অব্যাহতিপত্রে বলা হয়েছে, তসলিম চৌধুরী দীর্ঘদিন প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাঁকে সিইও পদে দায়িত্ব দেওয়া হয়। এ সময়ে নিজের মালিকানাধীন বা সংশ্লিষ্ট ড্রিম কাস্ট (Dream Cast) ও এডনস (Addons) নামের দুটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের মাধ্যমে মোহনা টেলিভিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বিজ্ঞাপন ব্যবসা পরিচালনার অভিযোগ ওঠে।
অব্যাহতিপত্রে আরও বলা হয়, ড্রিম কাস্টের কাছে মোহনা টেলিভিশনের পাওনা ৫ লাখ ৩৩ হাজার ২৫০ টাকা। ওই অর্থ পরিশোধ না করেই সিইও পদে দায়িত্ব গ্রহণের পর এডনস নামের আরেকটি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে অভিযোগ কর্তৃপক্ষের। তাদের মতে, প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালনকালে এ ধরনের ব্যবসায়িক সংশ্লিষ্টতা চাকরিবিধির পরিপন্থী।
১৫ বছরের বিজ্ঞাপন বিল বকেয়া ২৪ কোটি টাকা
অব্যাহতিপত্রের তথ্য অনুযায়ী, ২০১০ সাল থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে মোহনা টেলিভিশনের বিজ্ঞাপনী বিল বাবদ পাওনা রয়েছে ২৪ কোটি ৪০ লাখ ৩২ হাজার ৫৩৮ টাকা ৭৪ পয়সা।
এত বিপুল অঙ্কের অর্থ বকেয়া থাকলেও তা আদায়ে তসলিম চৌধুরী কার্যকর উদ্যোগ নেননি বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। পাওনা আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাঁকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছিল। এমনকি আইনানুগ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিতেও বলা হয়েছিল। কিন্তু তিনি যথাযথ পদক্ষেপ নেননি বলে অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়েছে।
কর্তৃপক্ষের দাবি, প্রতিষ্ঠানের বিপুল অঙ্কের পাওনা আদায় না হওয়ায় মোহনা টেলিভিশন আর্থিক সংকটে পড়েছে। এর প্রভাব পড়েছে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধেও। এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা পুনরুদ্ধার এবং মার্কেটিং বিভাগের কার্যক্রম গতিশীল করতে তাঁকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অব্যাহতির পর অফিসে অনুপস্থিত
অব্যাহতিসংক্রান্ত আদেশ জারির পর থেকে তসলিম চৌধুরী আর অফিসে উপস্থিত হননি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির একাধিক সূত্র। তিনি হেড অব মার্কেটিং পদ থেকেও পদত্যাগ করতে পারেন বলে কর্মীদের মধ্যে আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রতিষ্ঠানসংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, দীর্ঘদিনের বকেয়া বিজ্ঞাপনী বিলের হিসাব ও আদায় নিয়ে যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি। এখনো হেড অব মার্কেটিং পদে তাঁর দায়িত্ব বহাল থাকলে বিজ্ঞাপনী বিলের হিসাব, বকেয়া আদায় এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের বিষয়ে তাঁকে জবাবদিহির মুখোমুখি হতে হতে পারে।
তদন্তের দাবি গণমাধ্যমসংশ্লিষ্টদের
একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীর বিরুদ্ধে এমন আর্থিক অনিয়ম ও স্বার্থের সংঘাতের অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। তাঁদের মতে, অভিযোগের সত্যতা যাচাইয়ে শুধু অব্যাহতিপত্রের ওপর নির্ভর না করে প্রতিষ্ঠানের আর্থিক নথি, বিজ্ঞাপন বিল, লেনদেনের হিসাব এবং সংশ্লিষ্ট বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক খতিয়ে দেখা প্রয়োজন।
বিশেষ করে ২০১০ সাল থেকে জমে থাকা প্রায় ২৪ কোটি ৪০ লাখ টাকার বকেয়া কীভাবে তৈরি হলো, কোন কোন প্রতিষ্ঠানের কাছে কত টাকা পাওনা রয়েছে এবং এসব অর্থ আদায়ে অতীতে কী পদক্ষেপ নেওয়া হয়েছিল—তা নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ বিষয়ে তসলিম চৌধুরীর বক্তব্য জানতে একাধিকবার তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
অন্যদিকে, অব্যাহতিপত্রে উত্থাপিত অভিযোগগুলোর স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত চিত্র প্রকাশ এবং প্রতিষ্ঠানের পাওনা অর্থ উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।