ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় সম্পন্ন ‘ইসাব ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২’*
প্রকাশের সময় :
১৮ ঘন্টা আগে
২৬
পড়া হয়েছে
*ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় সম্পন্ন ‘ইসাব ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২’*
জাকিয়া জিহান, স্বাধীন খবর,ঢাকা ২৮ নভেম্বর
ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় সম্পন্ন হলো ‘ইসাব ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২’। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জরুরি হটলাইন নম্বর ১০২ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও জরুরি সেবার গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ ম্যারাথনের আয়োজন করা হয়।
আজ শনিবার ভোর ৫টায় ঢাকার পূর্বাচল ৩০০ ফিট এলাকায় এ ম্যারাথন শুরু হয়। ম্যারাথনে ২১.১ কিলোমিটার, ১০ কিলোমিটার, ৫ কিলোমিটার এবং ১.০২ কিলোমিটার (শিশুদের জন্য) চারটি ক্যাটাগরিতে দেশ-বিদেশের প্রায় সাড়ে ৫ হাজার দৌড়বিদ অংশগ্রহণ করেন।
ম্যারাথনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ, এসইউপি।
সকাল ৮টায় ম্যারাথন শেষে রানারগণ পূর্বাচলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে সমবেত হলে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এ সময় ফায়ার সার্ভিসের সদস্য, ভলান্টিয়ার ও রানারগণ গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন চিফ রেস মার্শাল ও ঢাকা বিভাগের উপপরিচালক মোঃ ছালেহ উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য দেন ম্যারাথনের টাইটেল স্পন্সর ইলেকট্রনিকস সেফটি এন্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) প্রতিনিধি এবং ফুড পার্টনার ইনডালজ-এর প্রতিনিধি।
বক্তব্য দেন রেস ডিরেক্টর ও পরিচালক (অপাঃ ও মেইনঃ) লেঃ কর্নেল মোঃ মাহমুদুল হাসান, পিএসসি; পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেঃ কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ শহীদ আতাহার হোসেন।
প্রধান অতিথির ভাষণে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ আয়োজক, স্পন্সর প্রতিষ্ঠান, রানারসহ সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “অগ্নিকাণ্ড, দুর্ঘটনা ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তা পেতে ১০২ হটলাইন নম্বরটি সাধারণ মানুষের কাছে পরিচিত করে তোলাই হলো এ উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য।”
ম্যারাথনে রানারগণ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা প্রকাশ করেন এবং প্রতি বছর ম্যারাথনের আয়োজনের জন্য আহ্বান জানান।
এরপর স্পন্সর প্রতিষ্ঠান, রেস মেনটর, চিফ রেস মার্শাল, গেস্ট রানারসহ অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা প্রদানের পর ইভেন্ট ভিত্তিক পোডিয়াম প্রাপ্তদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
ম্যারাথনে ২১.১ কিলোমিটার, ১০ কিলোমিটার ও ৫ কিলোমিটার ক্যাটাগরিতে মোট ৪০ জন রানার পোডিয়াম প্রাপ্ত হন। ১.০২ কিলোমিটার দূরত্বে অংশ নেওয়া সকল ক্ষুদে রানারকে পুরস্কৃত করা হয়।
সবশেষ রানারদের উৎসাহ দিতে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্র-তে সাধারণ পুরস্কারের পাশাপাশি ২০টি ফায়ার এক্সটিংগুইশার প্রদান করা হয়।