শান্তি প্রতিষ্ঠা ও সমাজে সম্প্রীতি রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো অ্যাওয়ার্ড-২০২৬ পেয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
শুক্রবার নগরীর জামালখানস্থ সিনিয়র্স ক্লাবে ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
ইউনেস্কোর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিদের এ সম্মাননা প্রদান করা হয়।
শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন, শিক্ষায় অবদানের জন্য ইঞ্জিনিয়ার আলী আহমদ, ইউনেস্কোর আদর্শ বাস্তবায়নে অবদানের জন্য মাহবুব উদ্দীন চৌধুরী, সাংবাদিকতা ও শিশু সাহিত্যে অবদানের জন্য রাশেদ রউফ, সামাজিক কর্মকাণ্ডে অবদানের জন্য কামাল মোস্তফা চৌধুরী ও অঞ্জন শেখর দাশ, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অবদানের জন্য রফিকুল হাসান মিনু, মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা নীল রতন দাশগুপ্ত, ইউনেস্কোর কর্মকাণ্ডে অবদানের জন্য এইচ এম শামসুল মুকতাদির এবং সামাজিক কর্মকাণ্ডে অবদানের জন্য ডা. বিশ্বনাথ দাশ ও আজিজুর রহমানকে ইউনেস্কো অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়।
সম্মাননা গ্রহণের পর বক্তব্যে প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, একটি শান্তিপূর্ণ, মানবিক ও নিরাপদ নগরী গড়ে তুলতে হলে নাগরিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা, সম্প্রীতি ও দায়িত্বশীলতার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে। শান্তি কেবল সংঘাত বা সহিংসতামুক্ত পরিবেশের নাম নয়, বরং মানুষের নিরাপত্তা, অধিকার, মর্যাদা এবং নির্বিঘ্নে বসবাসের নিশ্চয়তা নিশ্চিত করাও শান্তি প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ অংশ। এ লক্ষ্যকে সামনে রেখে চট্টগ্রামকে একটি সেফ সিটি হিসেবে গড়ে তুলতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কাজ করছে।
তিনি বলেন, নগরীতে শান্তি ও নিরাপত্তার পরিবেশ নিশ্চিত করতে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা, নাগরিকদের পারস্পরিক সহযোগিতা এবং সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ। একটি নিরাপদ নগরী গড়ে তুলতে শিশু, নারী, প্রবীণ ও প্রান্তিক জনগোষ্ঠীসহ প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে। নগর উন্নয়নের পাশাপাশি মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার ও নাগরিক দায়িত্ববোধ প্রতিষ্ঠার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
প্রশাসক আরও বলেন, ইউনেস্কো বিশ্বব্যাপী শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও জ্ঞানচর্চার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। যুদ্ধ, বিদ্বেষ ও বিভাজনের পরিবর্তে শিক্ষা, সংস্কৃতি, পারস্পরিক শ্রদ্ধা ও সংলাপের মাধ্যমে বিশ্বে শান্তির পরিবেশ তৈরি করতে হবে। নতুন প্রজন্মের মধ্যে মানবিকতা, অসাম্প্রদায়িক চেতনা এবং সহনশীলতার মূল্যবোধ ছড়িয়ে দিতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ইউনেস্কোর আদর্শ বাস্তবায়নে ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশনের কার্যক্রম প্রশংসনীয়।
অনুষ্ঠানে ক্লাবের সভাপতি কামাল মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের মহাসচিব মাহবুব উদ্দীন চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক এ এইচ এম শামসুল মুকতাদির, ইঞ্জিনিয়ার আলী আহমদ এবং বাংলা একাডেমি ফেলো, শিশু সাহিত্যিক ও দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ।
ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হাসান মিনু ও সাংস্কৃতিক সম্পাদক সিমলা চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশাসক ডা. শাহাদাত হোসেন, মাহবুব উদ্দীন চৌধুরী, রাশেদ রউফ, কামাল মোস্তফা চৌধুরী, অঞ্জন শেখর দাশ, বীর মুক্তিযোদ্ধা নীল রতন দাশগুপ্ত, রফিকুল হাসান মিনু, এ এইচ এম শামসুল মুকতাদির ও অ্যাডভোকেট নাজমুল হাসান আলমগীর প্রমুখ।
বক্তারা বিশ্বব্যাপী ইউনেস্কোর শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান বিশ্বে যুদ্ধ, সংঘাত ও বিভাজনের বিপরীতে শান্তি, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার চর্চা আরও জোরদার করা প্রয়োজন। তাঁরা যুদ্ধ নয়, শান্তির পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন এবং ইউনেস্কোর মূল আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞানভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশনের প্রশংসা করেন।
অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা স্বরচিত কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন। প্রধান অতিথি ও সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।