বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, তিন দিন ভাসছিল বোট; ১৬ জেলেকে উদ্ধার নৌবাহিনীর
-
-
প্রকাশের সময় :
৯ ঘন্টা আগে
-
১৫
পড়া হয়েছে

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, তিন দিন ভাসছিল বোট; ১৬ জেলেকে উদ্ধার নৌবাহিনীর
স্বাধীন খবর খুলনা, ২৫ আগস্ট:
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা একটি মাছ ধরার বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের মধ্যে অভিযান চালিয়ে সোমবার (২৪ আগস্ট) তাঁদের উদ্ধার করা হয়।

উদ্ধার করা বোটটির নাম ‘এফবি আল আমিন’। নৌবাহিনী জানিয়েছে, বোটটি মোংলা ফেয়ারওয়ে বয়ের কাছে ভাসমান অবস্থায় ছিল।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, গত রোববার (২৩ আগস্ট) রাতে নিয়মিত টহলের সময় নৌবাহিনী জাহাজ বানৌজা কপোতাক্ষ বঙ্গোপসাগরে একটি মাছ ধরার বোটের ইঞ্জিন বিকল হয়ে ভাসমান থাকার খবর পায়। এরপর রাতেই উদ্ধার অভিযান শুরু করে জাহাজটি।
পরদিন সকালে প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যে মোংলা ফেয়ারওয়ের কাছাকাছি এলাকায় বোটটির অবস্থান শনাক্ত করা হয়। পরে নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ১৬ জেলেসহ ইঞ্জিন বিকল বোটটি উদ্ধার করেন। এ সময় জেলেদের প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
উদ্ধার হওয়া জেলেদের বরাত দিয়ে নৌবাহিনী জানায়, গত ১৯ আগস্ট বাগেরহাটের শরণখোলা এলাকা থেকে ১৬ জন জেলে মাছ ধরার উদ্দেশ্যে ‘এফবি আল আমিন’ নিয়ে সাগরে যান। সমুদ্রে যাওয়ার দুই দিন পর বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর প্রায় তিন দিন ধরে তাঁরা সাগরে ভাসছিলেন।
পরে উত্তাল সাগর ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেই নৌবাহিনীর জাহাজটি বোটটিকে টেনে (টোয়িং) সুন্দরবনসংলগ্ন হিরণ পয়েন্টে নিয়ে আসে। সেখানে বোটসহ ১৬ জেলেকে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।
নৌবাহিনী জানিয়েছে, দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিপদগ্রস্ত জেলে ও নৌযানকে উদ্ধার করে নিরাপদে তীরে পৌঁছে দেওয়া হচ্ছে