ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রকাশের সময় :
১০ ঘন্টা আগে
২০
পড়া হয়েছে
ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী
স্বাধীন খবর
৪০তম ফোবানা কনভেনশন ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (২৮ আগস্ট) রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
আগামী ৪ থেকে ৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটিতে ইউনিভার্সাল হিলটন কনভেনশন হলে তিন দিনব্যাপী ফোবানা কনভেনশন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার (BAC) ব্যবস্থাপনায় আয়োজিত সম্মেলনে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি নেতা ও ব্যবসায়ীরা অংশ নেবেন।
সম্মেলনের প্রথম দিন ৪ সেপ্টেম্বর বিকেল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেলসহ ফোবানার হোস্ট কমিটি ও নির্বাহী কমিটির নেতারা বক্তব্য দেবেন। পরে নৈশভোজ অনুষ্ঠিত হবে।
সফরের দ্বিতীয় দিন ৫ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের মেয়রের সঙ্গে বিশেষ বিজনেস লাঞ্চে অংশ নেবেন মন্ত্রী। সেখানে ব্যবসায়ী নেতা ও বিশিষ্টজনদের উপস্থিতিতে আলোচনা সভা ও অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
এদিন সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও অ্যাওয়ার্ড প্রদান পর্বে অংশ নেবেন মন্ত্রী। এ সময় উত্তর আমেরিকা ও কানাডার ফোবানা নেতারাও বক্তব্য দেবেন।
সফরকালে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য ও শ্রমবাজারসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন প্রবাসী কল্যাণমন্ত্রী। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে।
সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।