জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যা, নদীভাঙন, জলাবদ্ধতা, লবণাক্ততা ও খরার মতো চ্যালেঞ্জ বাড়ছে। এসব মোকাবিলায় সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
আজ মঙ্গলবার সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশে বিশ্বব্যাংকের মিশন প্রধান জ্যাঁ পেসমের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার দেশের নদী-খাল ও জলাশয় খনন ও পুনঃখননের পাশাপাশি নদীভাঙন ও বন্যার ক্ষয়ক্ষতি কমাতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। পানিসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিশ্বব্যাংকের অংশীদারত্ব আরও জোরদার করা প্রয়োজন।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পানিসম্পদ ব্যবস্থাপনায় নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি কার্যকর ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
মতবিনিময়কালে জ্যাঁ পেসমে বাংলাদেশের পানিসম্পদের উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি পানিসম্পদের সমন্বিত পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় পানিসম্পদ খাতে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় পানিসম্পদ মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।