চাঁদাবাজির জেরে প্রবাসী হত্যা: কক্সবাজারে মামলার ‘১ নম্বর আসামি’ গ্রেপ্তার
-
-
প্রকাশের সময় :
৬ ঘন্টা আগে
-
৩
পড়া হয়েছে

চাঁদাবাজির জেরে প্রবাসী হত্যা: কক্সবাজারে মামলার ‘১ নম্বর আসামি’ গ্রেপ্তার
স্বাধীন খবর কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার পৌর এলাকায় চাঁদা না দেওয়ায় দুবাইপ্রবাসী ওমর ফারুককে হত্যার মামলার প্রধান আসামি ও কথিত মূল পরিকল্পনাকারী নাহিদ মোর্শেদ চাঁদকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
র্যাব জানায়, শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার সদর থানার খুরুলিয়া ইউনিয়নের মকবুল সওদাগরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত ওমর ফারুক কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পেশকারপাড়ার বাসিন্দা এবং দুবাইপ্রবাসী ছিলেন।
স্থানীয় একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনাও ঘটে।
এর ধারাবাহিকতায় গত ২৯ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে নাহিদ মোর্শেদ চাঁদ, তাঁর সহযোগী ওয়াহিদ মোর্শেদ ছাহিদ, সৈয়দ আকবরসহ অন্যরা দেশীয় অস্ত্র নিয়ে ওমর ফারুকের ওপর হামলা চালান বলে জানিয়েছে র্যাব। একপর্যায়ে তাঁকে ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়। পরে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়।
আহত ওমর ফারুককে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ মে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। মামলা হওয়ার পর আসামিরা আত্মগোপনে চলে যান।
র্যাব-১৫ জানায়, আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নাহিদ মোর্শেদের অবস্থান শনাক্ত করে শুক্রবার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার নথি পর্যালোচনায় নাহিদ মোর্শেদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মারামারি ও হত্যাচেষ্টার মামলাও থাকার তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তার নাহিদ মোর্শেদ চাঁদকে উদ্ধার করা আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব।