জুরাইনে ২৩০০ ইয়াবার সঙ্গে পুলিশের লুট হওয়া ২০টি গোলাবারুদ উদ্ধার
স্বাধীন খবর:
রাজধানীর জুরাইন এলাকায় ২ হাজার ৩০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর কাছ থেকে পুলিশের লুট হওয়া ১৭টি শটগানের গুলি ও তিনটি রাইফেলের তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদক বিক্রির ২ লাখ ৭৮ হাজার ৯৩০ টাকা জব্দ করা হয়।
র্যাব-১০ জানায়, গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির কদমতলী থানার জুরাইন মুরাদপুর হাইস্কুল রোডের একটি আবাসিক ভবনে অভিযান চালানো হয়। র্যাব-১০-এর সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আওলাদ হোসেন (৪৩)। তিনি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার আটিগাঁও এলাকার শেখ জলিলের ছেলে।
র্যাবের ভাষ্য, অভিযানে প্রায় ৬ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সময় আওলাদ হোসেনের কাছ থেকে ১৭টি শটগানের গুলি ও তিনটি রাইফেলের তাজা কার্তুজ পাওয়া যায়।
এসব গোলাবারুদ ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন থানায় হামলার সময় পুলিশের কাছ থেকে লুট হওয়া বলে প্রাথমিকভাবে জানা গেছে।
র্যাব জানায়, লুট হওয়া ও অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।