জব্দ প্রায় ১ কোটি ৯৩ লাখ মিটার অবৈধ জাল, উদ্ধার ১ হাজার ৯৯ কেজি ইলিশ সহ গ্রেপ্তার ১৬৯
প্রকাশের সময় :
১৪ ঘন্টা আগে
৬
পড়া হয়েছে
জব্দ প্রায় ১ কোটি ৯৩ লাখ মিটার অবৈধ জাল, উদ্ধার ১ হাজার ৯৯ কেজি ইলিশ সহ গ্রেপ্তার ১৬৯
স্বাধীন খবর:
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে দেশজুড়ে চলমান ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এ গত ২৪ ঘণ্টায় প্রায় ১ কোটি ৯৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও অন্যান্য ক্ষতিকর জাল জব্দ করেছে নৌ পুলিশ। এ সময় অবৈধভাবে আহরিত ১ হাজার ৯৯ কেজি ইলিশ উদ্ধার, ৬৭টি নৌযান জব্দ এবং ১৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) নৌ পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে দেশের বিভিন্ন নদ-নদী, নদী অববাহিকা ও ইলিশের প্রজননক্ষেত্রে এসব সাফল্য পাওয়া যায়।
নৌ পুলিশের অভিযানের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ১ কোটি ৯২ লাখ ৬০ হাজার ৬৯৫ মিটার অবৈধ কারেন্ট জাল ও অন্যান্য ক্ষতিকর জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে আহরিত ১ হাজার ৯৯ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাছ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে বলে জানানো হয়।
এ ছাড়া ইলিশ শিকার ও পরিবহনে ব্যবহৃত ৬৭টি নৌযান জব্দ করা হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণের অভিযোগে ৬৭টি মামলা দায়ের করা হয়েছে। এসব ঘটনায় ১৬৯ জনকে গ্রেপ্তার করা হয়।
নৌ পুলিশ জানিয়েছে, মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশের নির্বিঘ্ন প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে দেশের নদ-নদী ও উপকূলীয় এলাকায় টহল এবং নজরদারি জোরদার করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ, পরিবহন ও সংশ্লিষ্ট অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ এবং দেশের মৎস্যসম্পদ ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করা গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক প্রজননপ্রক্রিয়া সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন।
ইলিশের উৎপাদন বৃদ্ধি, প্রজননক্ষেত্রের সুরক্ষা এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে নৌ পুলিশ।