বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বাংলাদেশের উদ্যোগকে মডেল বলল ইউএনসিটিএড
প্রকাশের সময় :
১১ ঘন্টা আগে
১৮
পড়া হয়েছে
বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বাংলাদেশের উদ্যোগকে মডেল বলল ইউএনসিটিএড
স্বাধীন খবর ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬
বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগকে সংস্কার বাস্তবায়নের অনুসরণযোগ্য উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (ইউএনসিটিএড) বিনিয়োগ, উদ্যোগ ও উন্নয়ন কমিশনের ১৬তম অধিবেশনে।
জেনেভায় অনুষ্ঠিত অধিবেশনে বাংলাদেশ ও তিউনিসিয়ার বিনিয়োগ পরিবেশ সংস্কারের উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা, সরবরাহব্যবস্থার পরিবর্তন এবং বিনিয়োগ প্রবাহের নতুন বাস্তবতার মধ্যে উন্নয়নশীল দেশগুলো কীভাবে বিনিয়োগ নীতি পুনর্বিন্যাস করছে, তা নিয়ে কমিশনে আলোচনা হয়। এ ক্ষেত্রে বাংলাদেশ ও তিউনিসিয়ার উদ্যোগ ও অর্জনকে অন্য উন্নয়নশীল অর্থনীতির জন্য কার্যকর উদাহরণ হিসেবে তুলে ধরা হয়।
অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী সদস্য নাহিয়ান রহমান রোচি। তিনি বলেন, বিনিয়োগ পরিবেশ উন্নয়নের জন্য শুধু নীতিগত পরিবর্তন নয়, বাস্তব বাধাগুলো দূর করার ওপর গুরুত্ব দিতে হবে।
নাহিয়ান রহমান রোচি বলেন, নিরাপত্তা ছাড়পত্রের প্রক্রিয়া দ্রুত করা, বৈদেশিক অর্থায়ন সহজ করা, মূলধন প্রত্যাবাসনের নিয়ম স্পষ্ট করা, ডিজিটাল সেবা বাড়ানো এবং সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন। গত বছর এসব বিষয়ে অঙ্গীকার প্রকাশ্যে ঘোষণা করে অগ্রগতি পর্যবেক্ষণ ও ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে এবং শিগগির এর ফলাফল প্রকাশ করা হবে।
বাংলাদেশ নিয়ে আলোচনার ভিত্তি ছিল ইউএনসিটিএডের ‘Report on the Implementation of the Investment Policy Review of Bangladesh’। এতে ২০১৩ সালে প্রকাশিত বাংলাদেশের প্রথম বিনিয়োগ নীতি পর্যালোচনার সুপারিশ বাস্তবায়নে অগ্রগতি মূল্যায়ন করা হয়েছে। প্রতিবেদনে নিয়ন্ত্রক প্রক্রিয়া, প্রাতিষ্ঠানিক সমন্বয়, ডিজিটাল বিনিয়োগসেবা এবং বিনিয়োগ উন্নয়ন সক্ষমতায় বাংলাদেশের অগ্রগতির কথা উল্লেখ করা হয়।
ইউএনসিটিএডের World Investment Report 2026-এও বৈশ্বিক বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে। গত বছর গ্রিনফিল্ড বিনিয়োগ পাওয়া স্বল্পসংখ্যক স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশকে উল্লেখ করেছে সংস্থাটি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) ৩৯ দশমিক ৩৬ শতাংশ বেড়ে ১ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। একই প্রতিবেদনে ২০২৫ সালে বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করা দেশগুলোর তালিকায় বাংলাদেশের নামও উল্লেখ করা হয়েছে।
ইউএনসিটিএডের মতে, এ ধরনের পদক্ষেপ বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের পরিবেশ সহজ করতে ভূমিকা রাখে।
এদিকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষকে (পিপিপিএ) একীভূত করে ইনভেস্ট বাংলাদেশ গঠন করা হয়েছে। এর মাধ্যমে বিনিয়োগ সহায়তা, অর্থনৈতিক অঞ্চল এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের কার্যক্রম একটি প্রতিষ্ঠানের আওতায় আনা হয়েছে।
বিনিয়োগকারীদের জন্য আরও সহজ ও সমন্বিত প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির পাশাপাশি ইউএনসিটিএডের বিনিয়োগ নীতি পর্যালোচনায় দেওয়া একটি সুপারিশও এর মাধ্যমে বাস্তবায়িত হয়েছে।