মাটির নিচে পুঁতে রাখা ১ লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
প্রকাশের সময় :
১১ ঘন্টা আগে
১৯
পড়া হয়েছে
মাটির নিচে পুঁতে রাখা ১ লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
স্বাধীন খবর:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ির উঠানের পাশে মাটির নিচে পুঁতে রাখা ১ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় জাহাঙ্গীর আলম (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১৫-এর দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জালিয়াছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, জালিয়াছড়ি এলাকার একটি বসতবাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুত রয়েছে। পরে র্যাবের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে জাহাঙ্গীর আলমকে আটক করা হয়।
পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির উঠানের পাশে মাটির নিচে তল্লাশি চালানো হয়। সেখানে বস্তায় মোড়ানো ১০টি বান্ডেল পাওয়া যায়। প্রতিটি বান্ডেলে ১০ হাজার করে ইয়াবা ছিল। সব মিলিয়ে উদ্ধার করা হয় ১ লাখ ইয়াবা ট্যাবলেট। এ ছাড়া একটি বাটন মুঠোফোন জব্দ করা হয়েছে।
র্যাবের ভাষ্য, গ্রেপ্তার জাহাঙ্গীর আলম নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জালিয়াছড়ি এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী দুর্গম এলাকা থেকে মাদক সংগ্রহ করে বান্দরবানসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি ও সরবরাহ করে আসার কথা জানিয়েছেন।
র্যাব-১৫ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।