নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমে গতি ও জবাবদিহি নিশ্চিত করতে রাতে বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। এ সময় পরিচ্ছন্নতাকর্মীদের উপস্থিতি যাচাইয়ের পাশাপাশি তাঁদের হাজিরা নেন তিনি। কোথায় কী পরিমাণ বর্জ্য জমে আছে এবং সেগুলো যথাসময়ে অপসারণ করা হচ্ছে কি না, তা-ও সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে নগরীর বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন প্রশাসক। পরিচ্ছন্নতাকর্মীরা নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করছেন কি না, তা-ও যাচাই করেন।
এ সময় তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমে দায়িত্বশীলতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমে কোনো ধরনের অবহেলা বা দায়িত্বে গাফিলতি গ্রহণযোগ্য নয়। পরিচ্ছন্নতাকর্মীদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হয়ে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
নগরবাসীকে পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ উপহার দিতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিত বর্জ্য অপসারণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন তিনি।
রাতে প্রশাসকের এই আকস্মিক পরিদর্শনের মধ্য দিয়ে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমের তদারকি জোরদার এবং সংশ্লিষ্ট কর্মীদের জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে চসিক।