চট্টগ্রামের পতেঙ্গা সী-বিচ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮৪ বোতল বিদেশি মদ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ ৪৮ হাজার টাকা।
রোববার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম এ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মদ জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত বিদেশি মদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।