বার্লিনে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে জার্মান প্রতিমন্ত্রীর বৈঠক
প্রকাশের সময় :
৯ ঘন্টা আগে
২১
পড়া হয়েছে
*বার্লিনে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে জার্মান প্রতিমন্ত্রীর বৈঠক*
জাকিয়া জিহান, স্বাধীন খবর,ঢাকা, ২৭ নভেম্বর ২০২৬:
জার্মানিতে সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি বার্লিনে জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি ইয়োহান সাথফের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে বাংলাদেশ ও জার্মানির মধ্যে উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয়। সম্প্রতি বাংলাদেশ-জার্মানি উন্নয়ন সহযোগিতা বিষয়ে সরকার-থেকে-সরকার (জি-টু-জি) আলোচনার সফল সমাপ্তিতে উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করেন।
বৈঠকে জলবায়ু কার্যক্রম, কপ-৩১ ও জলবায়ু অর্থায়ন; রোহিঙ্গা সংকট, সংশ্লিষ্ট সম্পদের ঘাটতি, সম্প্রতি আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ও পরবর্তী করণীয়; প্রযুক্তি ও জ্ঞান বিনিময় এবং রপ্তানি ঝুড়িসহ অর্থনৈতিক বহুমুখীকরণসহ বিস্তৃত বিষয়ে আলোচনা হয়।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম তার সরকারের অর্থনৈতিক, মানবিক ও সামাজিক উন্নয়ন উদ্যোগ সম্পর্কে জার্মান প্রতিমন্ত্রীকে অবহিত করেন। এর মধ্যে ‘ক্রিয়েটিভ ইকোনমি’ উদ্যোগ, শিক্ষা ও নারীদের জন্য বর্ধিত বাজেট বরাদ্দ, শিশুদের জন্য ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া উদ্যোগসহ অন্যান্য বিষয় ছিল।
পার্লামেন্টারি সেক্রেটারি সাথফ তার সাম্প্রতিক বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন। এর মধ্যে রোহিঙ্গা ক্যাম্প ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) পরিদর্শন ছিল। তিনি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নে আরও কাজ করার আগ্রহ প্রকাশ করেন।