চনপাড়ায় অভিযানে দুটি পেনগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার, যুবক গ্রেপ্তার
প্রকাশের সময় :
এক ঘন্টা আগে
১৩
পড়া হয়েছে
*চনপাড়ায় অভিযানে দুটি পেনগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার, যুবক গ্রেপ্তার*
জাকিয়া জিহান, স্বাধীন খবর, চট্টগ্রাম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি কলমসদৃশ আগ্নেয়াস্ত্র (পেনগান) ও তিন রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)।
গ্রেপ্তার যুবকের নাম মো. শাওন হোসেন সাব্বির (২৩)। তিনি রূপগঞ্জের চনপাড়া এলাকার বাসিন্দা।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের পশ্চিম পাশে একটি ভবনের ছাদে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৩-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে শাওনের হেফাজত থেকে দুটি দেশীয় তৈরি পেনগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দেশীয় তৈরি অবৈধ পেনগান ও গুলি কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি-৩। ব্যাটালিয়নটির দাবি, তিনি অবৈধ অস্ত্র ও গুলি কেনাবেচার চক্রের সক্রিয় সদস্য।
এ ঘটনায় শাওনের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৮৭৮ সালের ১৯(এ) ও ১৯(এফ) ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।