জাকিয়া জিহান, স্বাধীন খবর,জয়পুরহাট প্রতিনিধি, ২৭ নভেম্বর ২০২৬
জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ জামালপুর এলাকা থেকে ১৩ মামলার শীর্ষ সন্ত্রাসী মো. রনজু সরকারকে (৩৩) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি-৫)। এ সময় তার বাড়ি থেকে আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর থানাধীন দক্ষিণ জামালপুর দাদরা দুধিয়াপাড়া গ্রামে গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-৫, সিপিসি-৩, জয়পুরহাটের একটি আভিযানিক দল।
গ্রেপ্তার রনজু সরকার ওই গ্রামের মিন্টু সরকারের ছেলে।
এসআরবি জানায়, রনজুর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ২টি, বিস্ফোরক দ্রব্য ৪টি, দ্রুত বিচার আইনে ১টি, বিশেষ ক্ষমতা আইনে ১টি, অপহরণ ও চাঁদাবাজি ২টি, সন্ত্রাসবিরোধী ও আগ্নেয়াস্ত্র ১টি, ডাকাতি ১টি এবং অন্যান্য ১টিসহ মোট ১৩টি মামলা রয়েছে।
অভিযানে তার হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১টি তাজা গুলি, ১টি গুলির খোসা এবং সন্ত্রাসী ও নাশকতামূলক কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা তৈরি করা হয়।
গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।