আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতায় আরও কৌশলগত ও অংশীদারিত্বমূলক ভূমিকা চায় বাংলাদেশ
প্রকাশের সময় :
১৪ ঘন্টা আগে
১৯
পড়া হয়েছে
*আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতায় আরও কৌশলগত ও অংশীদারিত্বমূলক ভূমিকা চায় বাংলাদেশ*
জাকিয়া জিহান, স্বাধীন খবর,ঢাকা, ২৭ নভেম্বর ২০২৬:
বাংলাদেশ আরও কৌশলগত, সুনির্দিষ্ট ও অংশীদারিত্বমূলক আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি।
গত ২৬ নভেম্বর বার্লিনে সেন্টার ফর হিউম্যানিটারিয়ান অ্যাকশনসের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জার্মানি বাংলাদেশের দীর্ঘদিনের ও বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। তিনি জোর দিয়ে বলেন, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি দক্ষতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি, জ্ঞান ও প্রযুক্তি বিনিময়, মানবিক ও সামাজিক উন্নয়ন এবং নারী শিক্ষা ও ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে গ্লোবাল সাউথের দেশগুলো, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে উন্নয়ন অংশীদারদের পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা সমস্যার মতো বিষয়গুলো কোনো একক দেশের বোঝা নয়, এগুলো সীমান্তের ঊর্ধ্বে আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ। তাই এসব মোকাবিলায় বিশ্বের সকল দায়িত্বশীল অংশীদার ও দেশের সম্মিলিত কণ্ঠ, সম্মিলিত পদক্ষেপ এবং আন্তরিক রাজনৈতিক সদিচ্ছা ও প্রতিশ্রুতি থাকতে হবে।
তিনি অন্তর্ভুক্তিমূলক ও সহযোগিতামূলক পদ্ধতি, স্থানীয় দক্ষতা ও সহনশীলতা, বাহ্যিক অংশীদারিত্ব, বিশেষজ্ঞ মতামত ও জ্ঞান বিনিময়ের ওপর গুরুত্ব দেন। মানবিক সহায়তা ও উন্নয়ন অর্থায়নের নতুন মডেল মোকাবিলায় এসব অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।
উদাহরণ হিসেবে তিনি বলেন, বন্যা ও খরা মোকাবিলায় বাংলাদেশ সরকার ২০ হাজার কিলোমিটারের বেশি খাল খননের কর্মসূচি নিয়েছে এবং বন উজাড় ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্য সহনশীলতার উৎকৃষ্ট উদাহরণ। তিনি আরও বলেন, গ্লোবাল সাউথের উন্নয়নে সাহায্য নয়, বরং অংশীদারিত্ব, উন্নয়ন অর্থায়ন ও উদ্ভাবনী প্রযুক্তি বিনিময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, এই ফোরাম জার্মানিতে মানবিক কার্যক্রম ও সহায়তা নীতি বিষয়ে অন্যতম শীর্ষস্থানীয় ফোরাম। এতে অনুশীলনকারী, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা অংশ নিয়ে মানবিক ও উন্নয়ন অর্থায়নের ভবিষ্যৎ, সহায়তা সংস্কার, স্থানীয় নেতৃত্ব, নতুন অর্থায়ন মডেল এবং ক্রমশ সংকুচিত অর্থায়ন পরিবেশে আন্তর্জাতিক অংশীদারিত্বের ভূমিকা নিয়ে আলোচনা করেন।