এক রাতের দুই অভিযান, পিস্তল-হেরোইনসহ গ্রেপ্তার চার
প্রকাশের সময় :
০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
২৬
পড়া হয়েছে
এক রাতের দুই অভিযান, পিস্তল-হেরোইনসহ গ্রেপ্তার চার
নিজস্ব প্রতিবেদক, নভেম্বর ২৩, চাঁপাইনবাবগঞ্জ,স্বাধীন খবর
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও নয়টি গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। একই রাতে রাজশাহী মহানগরের শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮ কেজি হেরোইনসহ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৩ নভেম্বর দিবাগত রাতে এসআরবি-৫-এর পৃথক আভিযানিক দল এসব অভিযান পরিচালনা করে। আজ সোমবার (২৪ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫-এর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ও সদর কোম্পানির একটি যৌথ আভিযানিক দল শিবগঞ্জ থানার রানীহাটপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় আহসান আলী ও আবদুল জব্বার রহিমকে গ্রেপ্তার করা হয়।
পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল (মেইড ইন ইউএসএ), চারটি ম্যাগাজিন, নয়টি গুলি এবং অস্ত্র কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্ট ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
এসআরবি-৫ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার বিষয়ে তথ্য দিয়েছেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আহসান আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।
অন্যদিকে, একই রাতে রাজশাহী মহানগরের শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আরেকটি অভিযান পরিচালনা করে এসআরবি-৫-এর আভিযানিক দল। এ সময় মোছা. ময়নামূল বেগম ও শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা সম্পর্কে ভাইবোন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
অভিযানে তাঁদের কাছ থেকে প্রায় ৮ কেজি হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাঁদের বিরুদ্ধে আগের মাদকসংক্রান্ত মামলার কথাও উল্লেখ করা হয়েছে।
এসআরবি-৫ জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং অপরাধ দমনে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ৬ সেপ্টেম্বর থেকে পরিচালিত অভিযানে এসআরবি-৫ মোট ১৭টি অস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল, প্রায় ১৬ কেজি গানপাউডার উদ্ধার এবং নয়জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।