বাংলাদেশ-জার্মানির অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে
প্রকাশের সময় :
১৫ ঘন্টা আগে
২৩
পড়া হয়েছে
*বাংলাদেশ-জার্মানির অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে*
জাকিয়া জিহান, স্বাধীন খবর, ঢাকা, ২৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ ও জার্মানির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।
জার্মানির বার্লিনে গত ২৬ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপির সঙ্গে জার্মান পার্লামেন্ট বুন্ডেসটাগের উন্নয়ন কমিটির সদস্য নিকোলাস জিপেলিয়াস এমপির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তির অভিবাসন, মানবিক ও সামাজিক উন্নয়ন, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ, স্বাস্থ্যখাত, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং এআই ও প্রযুক্তিনির্ভর অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
এছাড়া অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণ, নিয়মিত ব্যবসায়ী প্রতিনিধিদলের বিনিময়, ভিসা সহজীকরণ, রপ্তানি বহুমুখীকরণ এবং দুই দেশের ব্যবসায়িক চেম্বারগুলোর মধ্যে যোগাযোগ আরও গভীর করার ওপরও জোর দেওয়া হয়।
প্রতিমন্ত্রী ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই), সৃজনশীল অর্থনীতি, নারীর ক্ষমতায়ন, সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি এবং যুব বিনিময়ে বৃহত্তর সহযোগিতার সম্ভাবনার কথা তুলে ধরেন।
বৈঠকে প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে জার্মানির সহায়তা চান।
দুই সংসদ সদস্য সংসদীয় কূটনীতি জোরদার করতে বাংলাদেশ-জার্মানি সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের বিষয়েও আলোচনা করেন। প্রতিমন্ত্রী জার্মান সংসদ সদস্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং জার্মান এমপি আগামী বছর প্রতিনিধিদলসহ বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন।