নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: নারী ও শিশু বিষয়ক মন্ত্রী*
প্রকাশের সময় :
৩ ঘন্টা আগে
১২
পড়া হয়েছে
*নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: নারী ও শিশু বিষয়ক মন্ত্রী*
জাকিয়া জিহান নিপু, স্বাধীন খবর,ঢাকা
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সকল নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধা সমুন্নত রাখতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে ইউএন উইমেনের আয়োজনে ‘16 DAYS OF ACTIVISM AGAINST GENDER-BASED VIOLENCE’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জনগণের জন্য যা কল্যাণকর বর্তমান সরকার তাই করছে। দেশের মোট জনসংখ্যার ৫০ শতাংশের অধিক নারী উল্লেখ করে তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সকল নাগরিকের অধিকার সমুন্নত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে কেউ নিজেকে বঞ্চিত মনে করবে না এবং নারীরা তাদের প্রাপ্য সম্মান পাবে।
তিনি জানান, নারী ও শিশুদের কেউ কোনো ধরনের নির্যাতনের শিকার হলে তাদের দ্রুত আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ইতোমধ্যে সমাজকল্যাণ, নারী ও শিশু বিষয়ক এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে, যাতে করে এক ছাতার নিচে ভুক্তভোগীরা সকল সেবা পান।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, সরকার এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তবে সমাজের সকলের সমন্বিত প্রচেষ্টাতেই এই সমস্যা সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারা বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ১৯৯৫ সালে বিশ্বের মাত্র ১২টি দেশে নারী নির্যাতন প্রতিরোধে আইন থাকলেও ২০২৫ সালে এই সংখ্যা ১০৪টি দেশে দাঁড়িয়েছে। তা সত্ত্বেও, বিশ্বজুড়ে নারীরা এখনো নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন এবং এর সাথে নতুন করে প্রযুক্তি-সংক্রান্ত সহিংসতা (Technology-facilitated Violence) যুক্ত হয়েছে। বক্তারা বাংলাদেশের নারী নির্যাতন সংক্রান্ত বিদ্যমান আইনসমূহকে আরও যুগোপযোগী করার পাশাপাশি, কর্মক্ষেত্রে ও রাজনীতিতে নারীর অংশগ্রহণের সুযোগ বৃদ্ধির আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী ও শিশু বিষয়ক সচিব ড. রওশন আরা বেগম এবং স্বাগত বক্তব্য প্রদান করেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ ইফতেখার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত Michael Miller, বাংলাদেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী Carol Flore-Smereczniak। এছাড়াও বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, দেশি-বিদেশি প্রতিনিধি, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি এবং নারী ও শিশু অধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।