চা-বাগান এলাকায় অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩*
প্রকাশের সময় :
৩ ঘন্টা আগে
২২
পড়া হয়েছে
*চা-বাগান এলাকায় অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩*
*জাকিয়া জিহান নিপু | স্বাধীন খবর, হবিগঞ্জ*
হবিগঞ্জের চুনারুঘাটে ২৪ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার চাকলাপুঞ্জি চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অজয় মুন্ডা (২১), সূর্য কর্মকার (২৯) ও স্বপন রায় (২০)। তাঁদের মধ্যে অজয় মুন্ডা ও সূর্য কর্মকার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা। স্বপন রায়ের বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলায়।
এসআরবি-৯-এর দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চুনারুঘাটের চণ্ডী মাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় চাকলাপুঞ্জি চা-বাগান এলাকায় কয়েকজনের মাদক কেনাবেচার তথ্য পেয়ে রাত আনুমানিক ১১টার দিকে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানে তিনজনকে আটক করার পর তাঁদের হেফাজতে থাকা নীল পলিথিনে মোড়ানো ও স্কচটেপ দিয়ে প্যাঁচানো চারটি পোটলা থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের উদ্ধার করা গাঁজাসহ চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।