২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশি পণ্যে বাজারসুবিধা দিতে চায় কানাডা*
প্রকাশের সময় :
১৯ ঘন্টা আগে
২৩
পড়া হয়েছে
২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশি পণ্যে বাজারসুবিধা দিতে চায় কানাডা*
জাকিয়া জিহান নিপু | স্বাধীন খবর, ঢাকা*
*বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের আলোচনা, রোহিঙ্গা সংকটেও সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পরও ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশি পণ্যে অগ্রাধিকারমূলক বাজারসুবিধা অব্যাহত রাখতে চায় কানাডা। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত ষষ্ঠ বাংলাদেশ-কানাডা দ্বিপক্ষীয় আলোচনা সভায় এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে দুই দেশ বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, জ্বালানি, কৃষি, শিক্ষা ও উন্নয়ন সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক জোরদারে একমত হয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহকারী উপমন্ত্রী (ইন্দো-প্যাসিফিক) ওয়েলডন এপ বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে প্রকাশিত যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় বাণিজ্য ধারাবাহিকভাবে সম্প্রসারিত হচ্ছে। ২০২৫ সাল নাগাদ দুই দেশের বাণিজ্যের পরিমাণ প্রায় এক-চতুর্থাংশ বেড়ে ৪ বিলিয়ন কানাডীয় ডলার ছাড়িয়েছে। এই প্রবৃদ্ধিকে স্বাগত জানিয়ে কৃষি, জ্বালানি, নিরাপত্তা ও প্রতিরক্ষা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) খাতে নতুন বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ তৈরির বিষয়ে আলোচনা করেছে দুই পক্ষ।
বাংলাদেশের এলডিসি উত্তরণকে মসৃণ ও টেকসই করতে প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের ওপরও গুরুত্ব দেওয়া হয় বৈঠকে। পাশাপাশি দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণ এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
উন্নয়ন সহযোগিতায় বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদার কানাডা। ১৯৭২ সাল থেকে দেশটি বাংলাদেশকে ৬৩০ কোটি কানাডীয় ডলারের বেশি উন্নয়ন সহায়তা দিয়েছে। এর ধারাবাহিকতায় অর্থনৈতিক সুশাসন, প্রাতিষ্ঠানিক সংস্কার, বেসরকারি খাতের উন্নয়ন, বাণিজ্য প্রতিযোগিতা ও কৃষি উদ্ভাবনে সহায়তার জন্য ৪ কোটি ৫০ লাখ কানাডীয় ডলারের একটি সহায়তা প্যাকেজের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, জ্ঞান বিনিময় এবং দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অংশীদারত্ব বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা করেন প্রতিনিধিরা।
বৈঠকে অভিবাসন, নিরাপত্তা সহযোগিতা, জলবায়ু সহনশীলতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
*রোহিঙ্গা সংকটে সহযোগিতা অব্যাহত রাখবে কানাডা*
রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে কানাডা। যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় ৭০ কোটি কানাডীয় ডলারের বেশি সহায়তা দিয়েছে দেশটি।
মিয়ানমারে সহিংসতা ও নির্যাতনের মুখে পালিয়ে আসা ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিক ভূমিকা পালন করেছে, তার প্রশংসা করেছে কানাডা।
রোহিঙ্গাদের পাশাপাশি তাঁদের আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীর জন্যও টেকসই আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে দুই দেশ। একই সঙ্গে মিয়ানমারে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদার সঙ্গে ও টেকসইভাবে প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে একযোগে কাজ করার অঙ্গীকার করা হয়েছে।
এ ছাড়া গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ ও কানাডা। রোহিঙ্গা সংকটের ন্যায়বিচার ও সমাধানের প্রচেষ্টায় এই সিদ্ধান্তের গুরুত্বও তুলে ধরা হয়।
বৈঠক শেষে দুই দেশ তাদের দীর্ঘদিনের অংশীদারত্বের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে। অভিন্ন অর্থনৈতিক, উন্নয়নমূলক, বহুপক্ষীয় ও ভূরাজনৈতিক লক্ষ্য অর্জনে ভবিষ্যতেও একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে উভয় পক্ষ।