মহসিন কলেজে ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ*
প্রকাশের সময় :
৩৭ মিনিট আগে
১৬
পড়া হয়েছে
*মহসিন কলেজে ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ*
*জাকিয়া জিহান নিপু | স্বাধীন খবর, চট্টগ্রাম*
চট্টগ্রাম সরকারি মহসিন কলেজে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ চট্টগ্রাম সরকারি মহসিন কলেজে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী কলেজ শাখার নেতৃবৃন্দকে নিয়ে ক্যাম্পাস পরিদর্শন ও প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান। এ সময় স্থানীয় ছাত্রশিবিরের পরিচিত নেতাকর্মীরা নিজেদের সাংগঠনিক পরিচয় গোপন করে ‘বেনামে’ এসে তাদের স্বাভাবিক কার্যক্রমে বাধা দেন এবং অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করা হয়। এতে জাতীয় ছাত্রশক্তির মহসিন কলেজ শাখার মুখ্য সংগঠকসহ বেশ কয়েকজন সংগঠক আহত হন।
এ ঘটনায় ছাত্রশক্তির পক্ষ থেকে দুটি দাবি জানানো হয়—
*১. প্রশাসনিক বিচার:* হামলাকারীদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক প্রশাসনিক শাস্তির আওতায় আনার জন্য চট্টগ্রাম মহসিন কলেজ প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
*২. সন্ত্রাসবিরোধী প্রতিরোধ:* শিবির সারাদেশে বেনামে ছাত্ররাজনীতির বিরোধিতার ভান করে নিজেরা গোপনে রাজনীতি করছে এবং ভিন্নমতের ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করে এর বিরুদ্ধে সারাদেশে একযোগে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ছাত্রশিবিরের প্রতি হামলা ও সন্ত্রাসের রাজনীতি ছেড়ে সহাবস্থান ও গণতান্ত্রিক পরিবেশের পথে ফিরে আসার আহ্বান জানানো হয়। এতে বলা হয়, অন্যথায় বাংলাদেশের রাজনীতিতে তাদের টিকে থাকা কঠিন হবে। সন্ত্রাসগিরি ত্যাগ করে জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার অনুযায়ী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে কাজ করার আহ্বানও জানানো হয়।