চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে বাড়িটির নিচতলার একটি অংশে আগুন ধরে যায়। তবে পুলিশ সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি জানান, বাড়িটিতে আগে থেকেই পুলিশি নিরাপত্তা ছিল। সেখানে পুলিশের তিন সদস্য দায়িত্ব পালন করছিলেন। তবে আগুন দেওয়ার বিষয়টি তাঁদের নজরে আসেনি।
পুলিশ কমিশনারের ভাষ্য অনুযায়ী, বাড়ির নিচতলার যে অংশে আগুন দেওয়া হয়েছে, সেটি পরিত্যক্ত। সেখানে কিছু ভাঙা চেয়ার ও টেবিল রাখা ছিল। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাই আগুন নিভিয়ে ফেলেন। এ কারণে ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার প্রয়োজন হয়নি।
ঘটনায় কারা জড়িত, তা জানতে চাইলে পুলিশ কমিশনার বলেন, পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। আশপাশের বিভিন্ন স্থাপনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বাড়িটির নিচতলায় আগুন জ্বলতে দেখা যায়। এক পথচারী রিকশায় যাওয়ার সময় ভিডিওটি ধারণ করেন।
তবে আগুনের ঘটনায় পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছিল কি না, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পুলিশ। ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।