যানজট-ডেঙ্গু-জলাবদ্ধতা: ঢাকার তিন সংকটে দ্রুত পদক্ষেপের নির্দেশ
প্রকাশের সময় :
০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
২০
পড়া হয়েছে
যানজট-ডেঙ্গু-জলাবদ্ধতা: ঢাকার তিন সংকটে দ্রুত পদক্ষেপের নির্দেশ
স্বাধীন খবর নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, যানজট নিরসন, খাল খনন ও জলাবদ্ধতা দূরীকরণ এবং নিরাপদ ও টেকসই ঢাকা গড়ে তোলার কার্যক্রম পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, বড় শহরে মানুষের চলাচল সহজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যানজটে মানুষের মূল্যবান সময় নষ্ট হলে এর নেতিবাচক প্রভাব পড়ে অর্থনীতিতেও। তাই নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন মঈন খান। তিনি বলেন, প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন করেছেন। দেশব্যাপী এ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। চলমান কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রীর নেওয়া ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে দুই সিটি করপোরেশনের চলমান কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দেন তিনি।
এর আগে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকেরা তাঁদের নিজ নিজ সংস্থার চলমান কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।
সভায় ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, যানজট নিরসন, খাল খনন, জলাবদ্ধতা দূরীকরণ এবং নিরাপদ ও টেকসই ঢাকা গড়ার বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। এসব কার্যক্রমের অগ্রগতি দেখে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।