প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬ || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬
এমবাপেকে চট্টগ্রামে আমন্ত্রণ জানালেন সিটি প্রশাসক ডা. শাহাদাত হোসেন
এমবাপেকে চট্টগ্রামে আমন্ত্রণ জানালেন সিটি প্রশাসক ডা. শাহাদাত হোসেন
*জাকিয়া জিহান নিপু | স্বাধীন খবর, চট্টগ্রাম*
বিশ্বখ্যাত ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপেকে চট্টগ্রাম সফরের আমন্ত্রণ জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। ক্রীড়া ও সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি চট্টগ্রামের তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রেস্ট হাউসে আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের নবনিযুক্ত পরিচালক অলিভিয়ের রোঙ সিটি প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম, আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের উপ-পরিচালক ড. গুরুপদ চক্রবর্তীসহ সিটি কর্পোরেশন ও ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নবনিযুক্ত পরিচালককে স্বাগত জানান প্রশাসক এবং তাঁর মাধ্যমে কিলিয়ান এমবাপেকে চট্টগ্রাম সফরের আমন্ত্রণ জানান।
সিটি প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার সম্পর্ক অত্যন্ত গভীর ও বন্ধুত্বপূর্ণ। শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে। আমরা চাই, ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হোক। কিলিয়ান এমবাপের মতো বিশ্বখ্যাত ফুটবল তারকা চট্টগ্রামে এলে আমাদের শিশু-কিশোর ও তরুণ প্রজন্ম খেলাধুলায় আরও অনুপ্রাণিত হবে।
চট্টগ্রামে ফুটবলের জনপ্রিয়তা ও তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহের বিষয়টি তুলে ধরে প্রশাসক বলেন, সুস্থ, মেধাবী ও সৃজনশীল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে মাদকাসক্তিসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা সম্ভব। একটি স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।
প্রশাসক চট্টগ্রামে ফরাসি ভাষা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির প্রসারে আলিয়ঁস ফ্রঁসেজের দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে চট্টগ্রামের সঙ্গে ফ্রান্সের সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যতে যৌথ ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজনের বিষয়ে সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।
আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের নবনিযুক্ত পরিচালক অলিভিয়ের রোঙ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি অত্যন্ত সম্মানজনক একটি আমন্ত্রণ। ফরাসি দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে কিলিয়ান এমবাপের কাছে আমন্ত্রণটি পৌঁছে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা হবে।
আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের উপপরিচালক ড. গুরুপদ চক্রবর্তী বলেন, চট্টগ্রামের তরুণ সমাজের কাছে ফুটবল অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। বিশেষ করে কিলিয়ান এমবাপে তরুণ ফুটবলপ্রেমীদের কাছে একজন আদর্শ খেলোয়াড়। তাঁর চট্টগ্রাম সফর এ অঞ্চলের তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ও উদ্দীপনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ সময় বৈঠকে ফ্রান্সের বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ফ্রান্স সরকারের ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি) এর মাধ্যমে চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী এলাকায় পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনায় যে বৃহৎ বিনিয়োগ করা হচ্ছে, সে বিষয়ে আলোচনা করা হয়। আলোচনায় আশা প্রকাশ করা হয় যে, এই বিনিয়োগের মাধ্যমে নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা ও বর্জ্য সমস্যার টেকসই সমাধান হবে এবং বাংলাদেশ-ফ্রান্সের মধ্যকার উন্নয়ন সহযোগিতা আরও জোরদার হবে।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণ, তরুণদের সম্পৃক্ততায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং ভবিষ্যতে যৌথ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, স্বাধীন খবর