প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৬ || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৬
সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
স্বাধীন খবর চট্টগ্রাম প্রতিনিধি
মোহনা টিভির মীরসরাই প্রতিনিধি ও মীরসরাই উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক কামরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন হয়েছে।
শনিবার সকাল ১১টায় নগরের জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জেলার কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা অংশ নিয়ে হামলার নিন্দা জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক কামরুল ইসলামের ওপর হামলা শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আঘাত। হামলায় যারাই জড়িত থাকুক, তাদের রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় বিবেচনায় না নিয়ে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, সাংবাদিক নির্যাতনের ঘটনায় কোনো ধরনের ছাড় দেওয়া হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে। এতে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা হুমকির মুখে পড়বে। তাই হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন।
মানববন্ধন থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।
কর্মসূচিতে চট্টগ্রামে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, স্বাধীন খবর