প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬ || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬
সয়াবিন তেলের দাম বৃদ্ধি সরকারের চরম দায়িত্বহীনতার পরিচায়ক: ক্যাব ভাইস প্রেসিডেন্ট
*সয়াবিন তেলের দাম বৃদ্ধি সরকারের চরম দায়িত্বহীনতার পরিচায়ক: ক্যাব ভাইস প্রেসিডেন্ট*
জাকিয়া জিহান, স্বাধীন খবর,২৬ নভেম্বর, ঢাকা।
রমজানের আগে নিত্যপণ্যের বাজারকে আরেক দফা উস্কে দিতে সয়াবিন তেলের দাম বোতলজাত প্রতি লিটার ২০৭ টাকা ও খোলা সয়াবিন ১৮৮ টাকা করার প্রস্তাব অনুমোদন করায় সরকারের এই সিদ্ধান্তকে চরম দায়িত্বহীনতার পরিচায়ক বলে মন্তব্য করেছেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন।
তিনি বলেন, সয়াবিন তেলের আমদানিকারকরা রমজানের আগে দাম বাড়ানোর রিহার্সেল হিসেবে এই দাম বাড়িয়েছেন। আর সরকার যেন দাম বাড়াতে বাধ্য হন, সেজন্য সরবরাহ বন্ধ করে দেন। এমনিতেই গার্মেন্টস শ্রমিকসহ সীমিত আয়ের মানুষরা নিত্যপণ্যের অসহনীয় দাম বৃদ্ধি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করছেন, সে সময় সয়াবিন তেলের এই দাম বৃদ্ধি নিত্যপণ্যের বাজারকে আরেক দফা অস্থির করবে।
নাজের হোসাইন বলেন, রমজানকে সামনে রেখে দাম বাড়ানোর জন্য বেশ কয়েক সপ্তাহ ধরেই ব্যবসায়ীরা নানা ফর্মুলা বের করছেন। সর্বশেষ ২০২২ সালে সয়াবিন তেলের দাম সর্বোচ্চ হয়েছিল। তখন আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধসহ অনেক অজুহাত সামনে আনলেও এবার সেরকম কোনো অজুহাত দাঁড় করাতে না পারলেও ব্যবসায়ীদের চাপে সরকার শেষ পর্যন্ত নতি স্বীকার করলো।
তিনি আরও বলেন, সরকারকে ১৮ কোটি ভোক্তার স্বার্থ না দেখে শুধুমাত্র ব্যবসায়ীদের স্বার্থ চিন্তা করে নীতি প্রণয়ন করা হলে সাধারণ মানুষের ক্ষোভ প্রশমিত না হয়ে জনবিক্ষোভ দানা বাঁধতে পারে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, স্বাধীন খবর