প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৪, ২০২৬ || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৬
শ্রমিকদের ব্যবহার করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী
পোশাকশিল্পে সহিংসতার পেছনে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিকদের ব্যবহার করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হচ্ছে বলে দাবি, ১ জানুয়ারি থেকে নতুন মজুরি কার্যকরের লক্ষ্য
স্বাধীন খবর নিজস্ব প্রতিবেদক :
পোশাকশিল্পে চলমান সহিংসতা ও অস্থিরতার পেছনে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সাধারণ শ্রমিকদের ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে। শ্রমিক আন্দোলনের নামে বহিরাগত ও অশ্রমিক ব্যক্তিরা হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরে জড়িত বলে অভিযোগ করেন তিনি।
আজ বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনা নিয়ে আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, পোশাকশ্রমিকদের বর্তমানে কোনো অমীমাংসিত দাবিদাওয়া নেই। এরপরও একটি মহল পরিকল্পিতভাবে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তাঁর দাবি, তদন্তে অতীতে আওয়ামী লীগ সরকারের সময়ে দায়িত্বে থাকা কয়েকজন পোশাক কারখানার মালিক, সাবেক সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর রাজনৈতিক ভূমিকার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া মাফিয়া ও প্রতিক্রিয়াশীল শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে পরিচালিত ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার এসব সহিংসতা কঠোর হাতে দমনের নির্দেশনা দিয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ দেওয়া হয়েছে। বাহিনীর অনেক সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তাঁরা সংযম প্রদর্শন করছেন বলে জানান তিনি।
১ জানুয়ারি থেকে নতুন মজুরি কার্যকরের লক্ষ্য
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, প্রতি তিন বছর পর নতুন মজুরি নির্ধারণের জন্য বোর্ড গঠনের দাবি ছিল শ্রমিকদের। সরকার আগেই এ উদ্যোগ নিয়েছিল। তবে শ্রমিকপক্ষের প্রতিনিধি মনোনয়নে কিছুটা সময় লাগায় বোর্ড গঠনে বিলম্ব হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নাম পাওয়ার পরপরই মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সিনিয়র জেলা জজ পদমর্যাদার একজন কর্মকর্তার নেতৃত্বে গঠিত এ বোর্ডে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি রয়েছেন। ইতিমধ্যে বোর্ডের প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে।
মূল্যস্ফীতি, অর্থনৈতিক পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের লক্ষ্য নিয়ে বোর্ড কাজ করছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শ্রমিক ও শিল্পবান্ধব। শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও সার্বিক কল্যাণকে অগ্রাধিকার দিয়ে বিষয়গুলো বিবেচনার নির্দেশনা দিয়েছেন তিনি। সরকারের লক্ষ্য রপ্তানি বৃদ্ধি, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সম্প্রতি পোশাক কারখানার মালিকদের সঙ্গে সরকারের দীর্ঘ বৈঠক হয়েছে। শ্রমিকনেতাদের সঙ্গেও বিস্তারিত আলোচনা হয়েছে। তাঁর দাবি, উভয় পক্ষই একমত হয়েছেন যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড সাধারণ শ্রমিকদের আন্দোলন নয়; বরং রাজনৈতিক স্বার্থে শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে।
শ্রমিকদের গুজব ও উসকানিতে কান না দিয়ে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শ্রমিকেরা কাজে ফিরলে শিল্পের উৎপাদন সচল থাকবে। এতে শ্রমিকদের কর্মসংস্থান ও জাতীয় অর্থনীতি সুরক্ষিত থাকবে।
সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি আটক হয়ে থাকলে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকার কারণেই প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিষয়টি আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে।
প্রেস ব্রিফিংয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, স্বাধীন খবর