প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৬ || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২৬
শিক্ষা শুধু ডিগ্রি নয়, মানুষ হওয়ার শিক্ষাও জরুরি: ডিসি জাহিদ
শিক্ষা শুধু ডিগ্রি নয়, মানুষ হওয়ার শিক্ষাও জরুরি: ডিসি জাহিদ
স্বাধীন খবর চট্টগ্রাম প্রতিনিধি
শুধু বই পড়ে জ্ঞান অর্জন কিংবা বড় ডিগ্রি পেলেই প্রকৃত মানুষ হওয়া যায় না বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, শিক্ষার সঙ্গে মানবিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধের সমন্বয় ঘটাতে হবে।
আজ শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে বইয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। বই মানুষকে অতীতের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, বর্তমানকে বুঝতে শেখায় এবং ভবিষ্যৎ নিয়ে ভাবতে সাহায্য করে।
মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘শিক্ষার মাধ্যমে শুধু সামনের দুটি চোখ নয়, মনের চোখও খুলতে হবে। যে শিক্ষা অসহায় মানুষের পাশে দাঁড়াতে, বড়দের সম্মান করতে এবং ছোটদের ভালোবাসতে শেখায়, আমরা সেই শিক্ষায় শিক্ষিত হতে চাই।’
বর্তমান বিশ্ব অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হয়ে উঠতে হবে। দেশের সবচেয়ে বড় সম্পদ জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলেই দেশ এগিয়ে যাবে।
সমাজে আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা বাড়ছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, মানুষ সামাজিক জীব। সমাজ ও দেশকে ভালো না রেখে কোনো ব্যক্তি একা ভালো থাকতে পারেন না। অর্জিত শিক্ষা সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।
স্বাধীনতার পেছনে অসংখ্য মানুষের আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, নতুন প্রজন্মকে সেই আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হবে। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়ে তোলার দায়িত্ব তরুণদের নিতে হবে।
প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের ওপরও গুরুত্ব দেন জেলা প্রশাসক। তিনি বলেন, প্রযুক্তি মানুষের জন্য কার্যকর সেবক হতে পারে, আবার এর অপব্যবহার হলে তা ক্ষতির কারণও হতে পারে।
তাই বই পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান অর্জন এবং এর নিরাপদ ও ইতিবাচক ব্যবহার শিখতে হবে।
বিশ্বসাহিত্য কেন্দ্র ৪৮ বছর ধরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী বইপড়া কর্মসূচি পরিচালনা করছে। বর্তমানে দেশের প্রায় ১ হাজার ৪০০টি মাধ্যমিক বিদ্যালয়ের দেড় লাখ শিক্ষার্থী এ কর্মসূচির সঙ্গে যুক্ত।
২০২৫ শিক্ষাবর্ষে চট্টগ্রাম নগরের ১০১টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ১৩ হাজার শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেয়। তাদের মধ্যে মূল্যায়নে কৃতিত্ব অর্জনকারী ৫ হাজার ৮৯৬ শিক্ষার্থীকে দিনব্যাপী অনুষ্ঠানের দুটি পর্বে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. বিল্লাল হোসেন খান, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, বিশিষ্টজন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, স্বাধীন খবর