প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬ || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬
রিয়াজুদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
রিয়াজুদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক,২৩ নভেম্বর , স্বাধীন খবর
চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজার এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রোববার (২৩ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।
জরিমানা করা প্রতিষ্ঠানসমূহ:
১. ফজল দিন ইকবাল দিন — ১,৫০,০০০ টাকা
যথাযথভাবে ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা, নকল পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি এবং ইন্ডাস্ট্রিয়াল রং খাবারে ব্যবহারের জন্য বিক্রির অপরাধে এ জরিমানা করা হয়।

২. পূরবী হোটেল — ৪০,০০০ টাকা
রান্না করা পচা বাসি খাবার (সবজি, তরকারি, গ্রিল, বিরিয়ানি, অন্যের খাওয়ার সময় বেঁচে যাওয়া প্লেট থেকে উঠানো ভাত মিশ্রিত মাংস) বিক্রয়ের উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের অপরাধে এ জরিমানা করা হয়।

৩. বিসমিল্লাহ ঝাল বিতান — ১০,০০০ টাকা
পোড়া অস্বাস্থ্যকর কালো তেল ব্যবহার করে খাদ্যদ্রব্য ভাজার অপরাধে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান এবং সহকারী পরিচালক মাহমুদা আক্তার। আলোকচিত্রে ছিলেন মো. আফতাবুজ্জামান (ক্যামেরাম্যান)।

জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, স্বাধীন খবর