প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬ || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬
মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার
মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার
মিরপুরে শ্রমিকদের সংগঠিত করে সহিংসতার পরিকল্পনার অভিযোগ
স্বাধীন খবর নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুর থেকে যুবলীগ নেতা ও মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তসলিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ‘কাইল্যা তসলিম’ নামেও পরিচিত।
বুধবার (২৫ নভেম্বর) রাতে পল্লবী থানা-পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন।
পুলিশের দাবি, মিরপুরের ১০ ও ১১ নম্বর এলাকায় গার্মেন্টস শ্রমিকদের অর্থের বিনিময়ে সংগঠিত করে হামলা, ভাঙচুর ও সহিংসতা সৃষ্টির পরিকল্পনার সঙ্গে তসলিম চৌধুরী জড়িত। এ ঘটনায় তাঁর শ্যালকের সম্পৃক্ততার বিষয়টিও তদন্ত করা হচ্ছে।
গোয়েন্দা সূত্রের দাবি, তসলিম চৌধুরী যুবলীগ নেতা নিখিলের অনুসারী হিসেবে পরিচিত। তিনি মিরপুরের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ক্যাশিয়ার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কারাবন্দী কামাল আহমেদ মজুমদার ও তাঁর ছেলে শাহেদ মজুমদারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সাক্ষাৎ করতেন তসলিম। সর্বশেষ গত সোমবার কেরানীগঞ্জ কারাগারে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ওই সাক্ষাতের পর নাশকতার পরিকল্পনা-সংক্রান্ত নির্দেশনা নিয়ে আসেন বলে গোয়েন্দা সূত্রের দাবি। এরপর মিরপুর এলাকায় বড় ধরনের সহিংসতা সৃষ্টির পরিকল্পনা করা হচ্ছিল বলে জানিয়েছে সূত্রটি।
পল্লবী থানার ওসি জালাল উদ্দিন বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রচারকে কেন্দ্র করে মিরপুর এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এ ঘটনায় তসলিম চৌধুরীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তবে তসলিম চৌধুরীর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে তদন্ত চলছে। অভিযোগগুলোর সত্যতা এখনো আদালতে প্রমাণিত হয়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, স্বাধীন খবর