প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৬ || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৬
মিয়ানমার সীমান্তের মাদকপথে র্যাবের হানা, উদ্ধার ৩ কেজি ‘আইস’
মিয়ানমার সীমান্তের মাদকপথে র্যাবের হানা, উদ্ধার ৩ কেজি ‘আইস’
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

র্যাব-১৫-এর দেওয়া তথ্য অনুযায়ী, আজ শনিবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহপরীর দ্বীপের মাঝের ডেইল এলাকায় অভিযান চালায় র্যাবের টেকনাফ ক্যাম্পের একটি দল।
রাত আনুমানিক ১টা ১০ মিনিটে একটি বাড়ির পশ্চিম পাশের ফাঁকা জায়গায় অভিযান চালানোর সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে অন্ধকারে পালিয়ে যান।
পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে ব্যাগটি তল্লাশি করে তিনটি অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে এক কেজি করে মোট তিন কেজি কথিত অ্যামফিটামিনজাতীয় ক্রিস্টাল মেথ (আইস) ছিল। প্যাকেটগুলোর গায়ে ‘GUANYINWANG’ লেখা ছিল বলে জানিয়েছে র্যাব।
র্যাবের ভাষ্য, উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা।
র্যাব আরও জানায়, প্রাথমিকভাবে জানা গেছে, পলাতক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ক্রিস্টাল মেথসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে টেকনাফ, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
উদ্ধার করা মাদক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, স্বাধীন খবর