প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬ || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি, তিনজন গ্রেপ্তার*
ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি, তিনজন গ্রেপ্তার
*জাকিয়া জিহান নিপু | স্বাধীন খবর, ব্রাহ্মণবাড়িয়া*
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ধারালো ছুরিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সোয়া নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন পৌর এলাকার পুনিয়াউট রেলক্রসিংয়ের দক্ষিণ পাশের পাকা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুমন মিয়া (৩৫), আলমগীর মিয়া (২৪) ও বেল্লাল মিয়া (২০)। তাঁদের মধ্যে সুমন ও আলমগীরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। অন্যজনের বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে।
এসআরবি-৯-এর দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। পরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। তাঁদের সঙ্গে থাকা অন্য চার-পাঁচজন পালিয়ে যান।
আটক ব্যক্তিদের তল্লাশি করে একটি দেশীয় লোহার বর্ষা-কাটার এবং তিনটি রুপালি রঙের স্টেইনলেস স্টিলের ধারালো ছুরি উদ্ধার করা হয়।

এসআরবির দাবি, আটক ব্যক্তিরা পলাতক সহযোগীদের সঙ্গে যোগসাজশে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে মহাসড়ক ও আশপাশের এলাকায় যানবাহন এবং বিভিন্ন বাসাবাড়িতে ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন। সুযোগ বুঝে তাঁরা এসব অপরাধ সংঘটনের প্রস্তুতি নিচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এসআরবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে এবং পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে পেনাল কোড, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের উদ্ধার করা অস্ত্রসহ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-৯।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, স্বাধীন খবর