প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৬ || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৬
বেন্দারচরে সাম্প্রদায়িক হামলার গুজব ছড়ানোর অভিযোগ, পরিস্থিতি স্বাভাবিক: পুলিশ
বেন্দারচরে সাম্প্রদায়িক হামলার গুজব ছড়ানোর অভিযোগ, পরিস্থিতি স্বাভাবিক: পুলিশ
স্বাধীন খবর নিজস্ব প্রতিবেদক, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচরে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য ও ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে এসব তথ্যকে সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে পুলিশ।
নড়াইল জেলা পুলিশের ভাষ্য, বেন্দারচরে কোনো বসতি নেই। অথচ পুরোনো ও কৃত্রিমভাবে তৈরি ভিডিও চিত্র ব্যবহার করে সেখানে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে বলে প্রচার করা হচ্ছে। এসব প্রচারের মাধ্যমে দেশ-বিদেশে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলে পুলিশের দাবি।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ছয়টার দিকে কালিয়া উপজেলার বেন্দার গেট এলাকায় একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় শাহীন শেখ (৪৫) ও সোহেল মোল্যা (৪০) নামের দুজন আহত হন। শাহীন শেখ কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক এবং সোহেল মোল্যা কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক।
এ ঘটনায় দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামের দুজনকে আসামি করা হয়েছে। তাঁরা দুজনই বেন্দারচর এলাকার বাসিন্দা। তাঁদের বাবার নাম বুলু বিশ্বাস বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের তথ্যমতে, গত ২০ নভেম্বর বিকেল পৌনে পাঁচটার দিকে আহত ব্যক্তিদের স্বজন ও উত্তেজিত লোকজন বেন্দারচর এলাকায় যাওয়ার চেষ্টা করেন। এ সময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে কালিয়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ আরও জানিয়েছে, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক হামলা, বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে পুলিশের দাবি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, স্বাধীন খবর