প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৬ || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০২৬
বিইউপির পশ্চিম ক্যাম্পাসে নতুন তিন ভবনের উদ্বোধন
বিইউপির পশ্চিম ক্যাম্পাসে নতুন তিন ভবনের উদ্বোধন
স্বাধীন খবর ঢাকা, ৩০ আগস্ট:
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবনের উদ্বোধন করা হয়েছে। ভবন তিনটি হলো—ইউটিলিটি বিল্ডিং, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এফএসটি) টাওয়ার এবং ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (এফএএসএস) টাওয়ার।

রোববার মিরপুর সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভবনগুলোর উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অবকাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে ভবনগুলো নির্মাণ করা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
উদ্বোধন শেষে সেনাপ্রধান একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি বিইউপির পশ্চিম ক্যাম্পাস ও শিক্ষার্থীদের আবাসিক এলাকা পরিদর্শন করেন।
অনুষ্ঠানের মূল পর্ব অনুষ্ঠিত হয় বিইউপির স্বাধীনতা মিলনায়তনে। সেখানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম। তিনি শিক্ষা ও গবেষণায় বিইউপির অগ্রগতি তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ তৈরির ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলমের লেখা ‘Educating Minds: Awakening Conscience’ বইয়ের মোড়ক উন্মোচন করেন সেনাপ্রধান।
পরে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বিইউপির ১৪টি শিক্ষার্থী দলকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে বক্তব্যে সেনাপ্রধান বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের সাফল্য শুধু একাডেমিক উৎকর্ষের ওপর নির্ভর করে না। নৈতিকতা, মূল্যবোধ, সততা ও দায়িত্ববোধসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলাও একটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি আধুনিক শিক্ষার পরিবেশ তৈরি, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে বিইউপির ভূমিকার প্রশংসা করেন।
বিইউপি কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিম ক্যাম্পাসের নতুন ভবনগুলো বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের শিক্ষা, গবেষণা ও সৃজনশীল চর্চার সুযোগ বাড়াতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিইউপি সিনেটের সদস্য, সেনা, নৌ ও বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, স্বাধীন খবর