প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৬ || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৬
বাংলাদেশ দখলের হুমকি, ভারতীয় হাইকমিশনারকে তলবের দাবি বাংলাদেশ কংগ্রেসের
বাংলাদেশ দখলের হুমকি, ভারতীয় হাইকমিশনারকে তলবের দাবি বাংলাদেশ কংগ্রেসের
স্বাধীন খবর ঢাকা
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও মন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকিমূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস। এ বক্তব্যের ব্যাখ্যা জানতে অবিলম্বে ভারতীয় হাইকমিশনারকে তলব করার দাবি জানিয়েছে দলটি।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম এ দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, ভারতের একজন রাজনৈতিক নেতার পক্ষ থেকে বাংলাদেশ দখলের হুমকি অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ, উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন। এ বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর। অবিলম্বে ভারতীয় হাইকমিশনারকে ডেকে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও মন্ত্রী অর্জুন সিংয়ের বক্তব্যের ব্যাখ্যা চাওয়া উচিত।
ইয়ারুল ইসলাম বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। ৩০ লাখ শহীদের রক্ত ও অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো বিদেশি রাজনৈতিক নেতার হুমকি বা অবমাননাকর বক্তব্য দেওয়ার অধিকার নেই।
তিনি আরও বলেন, রাজনৈতিক বক্তব্যের নামে অন্য একটি স্বাধীন রাষ্ট্রকে দখলের হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্য দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও পারস্পরিক আস্থার পরিবেশ ক্ষতিগ্রস্ত করতে পারে।
বিবৃতিতে বাংলাদেশ কংগ্রেস এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ভারত সরকারের কাছে দায়িত্বশীল অবস্থান নেওয়া এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।
একই সঙ্গে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি পাকিস্তান, চীন, রাশিয়া, ইরান ও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সম্পাদন এবং দেশের সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, স্বাধীন খবর