প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৬ || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৬
বাংলাদেশি পণ্যের আমদানি বাড়াতে ইন্দোনেশিয়া কে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
বাংলাদেশি পণ্যের আমদানি বাড়াতে ইন্দোনেশিয়া কে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন খবর নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের পণ্য ও সেবা ইন্দোনেশিয়ায় আরও বেশি আমদানির আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমাইউন কবির। একই সঙ্গে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) দিকে এগিয়ে যাওয়ার বিষয়ে বাংলাদেশের প্রস্তুতির কথা জানিয়েছেন তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওওয়াতি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের বাণিজ্য ও ব্যবসা, জ্বালানি খাতে বিনিয়োগ, দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা ও প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, পর্যটন, সাংস্কৃতিক বিনিময়, জনগণের মধ্যে যোগাযোগ, কনস্যুলার বিষয় এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যকে আরও গভীর ও বৈচিত্র্যময় করতে ইন্দোনেশিয়ায় বাংলাদেশের পণ্য ও সেবার বাজার সম্প্রসারণ প্রয়োজন। এ জন্য বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান জানান তিনি।
বৈঠকে বাংলাদেশের ওষুধসহ বিভিন্ন পণ্যের রপ্তানি ইন্দোনেশিয়ায় আরও বৈচিত্র্যময় করার বিষয়ে সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত।
ভিসা সহজ করার অনুরোধ
পর্যটন, সাংস্কৃতিক বিনিময় এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দুই দেশের অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ ও ইন্দোনেশিয়া উভয় দেশই প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনায় দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত এ উদ্যোগে সমর্থন জানিয়ে দুর্যোগের ক্ষতি কমাতে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, সর্বোত্তম কর্মপদ্ধতি গ্রহণ এবং সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
বৈঠকে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি)-এ যোগদানের ক্ষেত্রে বাংলাদেশের আকাঙ্ক্ষার বিষয়ে ইন্দোনেশিয়ার সমর্থন চান হুমাইউন কবির। জবাবে রাষ্ট্রদূত লিস্টিওওয়াতি এসব উদ্যোগে ইন্দোনেশিয়ার অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
বৈঠকের শেষে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, স্বাধীন খবর