প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৬ || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩০, ২০২৬
বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার নতুন বার্তা, ৬ মাসে নেবে ২ লাখ কর্মী
ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিতে চায় মালয়েশিয়া
স্বাধীন খবর নিজস্ব প্রতিবেদক | ঢাকা
বাংলাদেশ থেকে আগামী ছয় মাসে প্রায় ২ লাখ কর্মী নিতে আগ্রহ দেখিয়েছে মালয়েশিয়া। এর মধ্যে প্রায় ১০ হাজার কর্মী বিনা খরচে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পেতে পারেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমানের সঙ্গে বৈঠক করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ জনশক্তি নেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে মালয়েশিয়া। এর মধ্যে প্রায় ১০ হাজার কর্মী বিনা খরচে যাওয়ার সুযোগ পাবেন।
অনিবন্ধিত শ্রমিকদের নিবন্ধনের উদ্যোগ
বৈঠকে মালয়েশিয়ায় অবস্থানরত অনিবন্ধিত বাংলাদেশি শ্রমিকদের নিবন্ধনের বিষয়টিও গুরুত্ব পায়। আগামী সেপ্টেম্বরের শেষ দিকে এ কার্যক্রম শুরু হতে পারে বলে বৈঠকে জানানো হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ৮ লাখ নিবন্ধিত বাংলাদেশি কর্মী রয়েছেন। নতুন করে আরও কর্মী পাঠানোর পাশাপাশি দেশটিতে থাকা অনিবন্ধিত বাংলাদেশিদের নিবন্ধনের প্রক্রিয়াও চলমান রয়েছে।
প্রকৌশলী থেকে হাসপাতাল নির্মাণ
শুধু কর্মী পাঠানো নয়, দুই দেশের সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করার বিষয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশের প্রকৌশলীদের মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, যৌথ উদ্যোগে হাসপাতাল নির্মাণ এবং বাংলাদেশি শিক্ষার্থীদের মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর বিষয় উঠে আসে বৈঠকে।
এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, খেলাধুলার সামগ্রী উৎপাদন, নির্মাণ খাত, হালাল ফুড ও ইলেকট্রিক গাড়ি আমদানি নিয়েও দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
সম্পর্ককে অর্থনৈতিক অংশীদারত্বে নিতে চায় দুই দেশ বৈঠকে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চতায় নেওয়ার আগ্রহ প্রকাশ করেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান।
বৈঠকের শুরুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া সফরের কথা উল্লেখ করে সফরটি সফল হওয়ায় সন্তোষ প্রকাশ করেন মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান।
দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও কার্যকর অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দেওয়ার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, স্বাধীন খবর