প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৬ || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৬
বনানীতে ডাকাতির প্রস্তুতি, বিদেশি পিস্তল-হ্যান্ডকাফ সহ ৫ জন গ্রেপ্তার
বনানীতে ডাকাতির প্রস্তুতি, বিদেশি পিস্তল-হ্যান্ডকাফ সহ ৫ জন গ্রেপ্তার
স্বাধীন খবর :
রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, ওয়াকিটকি ও বাংলাদেশ পুলিশের মনোগ্রামযুক্ত হ্যান্ডকাফসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বনানীর ব্লক-এ এলাকার রোড নম্বর ৪-এর খায়ের প্যালেসের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি, একজোড়া হ্যান্ডকাফ, কালো স্কচটেপ, একটি শপিং ব্যাগ ও একটি হায়েস মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাসুদ রানা (২৯), মো. রাজিব হাওলাদার (৩০), হাফিজুল মাতব্বর (২৪), মোহাম্মদ শাকিল হোসেন (২৪) ও মো. বাদল (৪২)।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে প্রায় ৪৫ সদস্যের সমন্বয়ে বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানের সময় ডাকাতির প্রস্তুতি নেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বনানী থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাঁরা কোনো সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে জড়িত কি না, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং তাঁরা আগে কোনো অপরাধে জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখছে ডিবি।
এ ঘটনায় তাঁদের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, স্বাধীন খবর