প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৬ || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৬
বইয়ের পাশাপাশি খেলনা দিয়ে শেখানো হবে প্রাথমিকের শিশুদের
প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হচ্ছে শিক্ষণীয় খেলনা: প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি কারিকুলামভিত্তিক শিক্ষণীয় খেলনা (লার্নিং টয়) দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এর মাধ্যমে শিশুরা খেলতে খেলতে শিখবে। পাশাপাশি শ্রেণিকক্ষে আনন্দময় পরিবেশে পাঠ গ্রহণের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে আয়োজিত ‘মেধা ও সৃজন উৎসব-২০২৬’-এর সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যেন শ্রেণিকক্ষে খেলাধুলার মাধ্যমে পড়াশোনা করতে পারে, সরকার সে ধরনের পরিবেশ তৈরিতে কাজ করছে। এ জন্য শ্রেণিকক্ষে খেলাধুলার উপযোগী জায়গা রাখার পাশাপাশি পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষণীয় খেলনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এসব উপকরণ ব্যবহার করে শিক্ষকরা আরও সহজ ও আনন্দদায়ক উপায়ে পাঠদান করতে পারবেন।
শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি বিবেচনায় খেলাধুলার সুযোগ বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে ববি হাজ্জাজ বলেন, ফুটবল, ক্রিকেট, মার্শাল আর্ট ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি গান, কবিতা, নাটকসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ উৎসাহিত করা হবে।
গণিত ও বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, গণিত অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াডের মতো আয়োজন আরও বিস্তৃত করা হবে। ভবিষ্যতে রোবোটিক্স, প্রোগ্রামিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনেরও পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে সহায়তা করবে।
শিক্ষার্থীদের উদ্দেশে ববি হাজ্জাজ বলেন, ভবিষ্যতের বাংলাদেশ গড়ে উঠবে তাদের হাতেই। শিক্ষার্থীদের স্বপ্ন ও আকাঙ্ক্ষার বাংলাদেশ নির্মাণের সক্ষমতা তৈরি করাই সরকারের লক্ষ্য। প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, যারা বিজয়ী হতে পারেনি, তাদের হতাশ না হয়ে আরও মনোযোগ দিয়ে প্রস্তুতি নিতে হবে। সামনে তাদের জন্য অনেক সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী।
মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠানে মিরপুর ও পল্লবী থানার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, স্বাধীন খবর