প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৬ || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৬
পেটে ও মোটরসাইকেলের সিটে বিশেষ কায়দায় ইয়াবা পাচার, পৃথক অভিযানে উদ্ধার ২১,৯০০ ইয়াবা
*পেটে ও মোটরসাইকেলের সিটে বিশেষ কায়দায় ইয়াবা পাচার, পৃথক অভিযানে উদ্ধার ২১,৯০০ ইয়াবা*
জাকিয়া জিহান, স্বাধীন খবর,চট্টগ্রাম ২৮ নভেম্বর
চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে ২১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। এ সময় পেটের ভেতর ইয়াবা পাচারের অভিযোগে নারীসহ দুজনকে আটক করা হয়েছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এসআরবি-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে পটিয়া থানাধীন জুলুর দিঘীর পাড় এসএম কমিউনিটি সেন্টারের সামনে পাকা রাস্তায় বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করা হয়।
চেকপোস্ট চলাকালে একটি নম্বরবিহীন সিএনজি আসলে তাতে থাকা এক পুরুষ ও এক নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন সালমা বেগম (৫০), স্বামী মোঃ আব্দুর রহিম, সাং মহেশখালী, থানা মহেশখালী, জেলা কক্সবাজার এবং মোঃ তারেক (২৭), পিতা মোঃ বেলাল মিয়া, সাং আলীকদম, থানা আলীকদম, জেলা বান্দরবান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুরুষ যাত্রী স্বীকার করেন, তার সঙ্গে থাকা নারী যাত্রী পেটের ভেতরে করে ইয়াবা বহন করছেন। পরে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এক্স-রের মাধ্যমে ওই নারীর পেটে ইয়াবাসদৃশ বস্তুর উপস্থিতি নিশ্চিত করেন।
পরে স্বাভাবিক প্রক্রিয়ায় মলত্যাগের মাধ্যমে ওই নারীর পেট থেকে ৩৮টি স্বচ্ছ পলি প্যাকে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো জাম সদৃশ ৫০টি ইয়াবার পোটলায় সর্বমোট ১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা।
অপর অভিযানে একই দিন রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে আনোয়ারা থানাধীন চৌমুহনী বাজারের সামনের পাকা সড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে এসআরবি-৭ এর একটি আভিযানিক দল।

এ সময় একটি মোটরসাইকেল চেকপোস্টের কাছাকাছি পৌঁছালে চালক এসআরবি’র উপস্থিতি টের পেয়ে না থেমে সামনের দিকে এগিয়ে যান এবং একপর্যায়ে মোটরসাইকেলটি ফেলে দ্রুত পালিয়ে যান।
পরে মোটরসাইকেলটির সিট কভারের ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত অভিযুক্ত ও উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং জব্দকৃত মালামাল সংক্রান্তে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, স্বাধীন খবর