প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৬ || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৬
পেটের ভেতর ৩৮ পোটলা, ১ নারীর কাছ থেকে মিলল ১ হাজার ৯০০ ইয়াবা
পেটের ভেতর ৩৮ পোটলা, ১ নারীর কাছ থেকে মিলল ১ হাজার ৯০০ ইয়াবা
জাকিয়া জাহান স্বাধীন খবর চট্টগ্রাম প্রতিনিধি ২৮/১১/২৬:
এক্স-রে পরীক্ষায় ধরা পড়ে পেটে ইয়াবার অস্তিত্ব, পরে স্বাভাবিক প্রক্রিয়ায় উদ্ধার করা হয় মাদকের পোটলাগুলো পেটের ভেতরে বিশেষ কৌশলে ইয়াবা বহনের অভিযোগে সালমা বেগম (৫০) নামের এক নারীকে আটক করেছে এসআরবি-৭। চট্টগ্রামের পটিয়ায় একটি বিশেষ চেকপোস্টে তল্লাশির সময় তাঁকে আটক করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক্স-রে পরীক্ষায় তাঁর পেটে ইয়াবাসদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত হয়। এরপর স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ায় তাঁর পেট থেকে ৩৮টি প্যাকেটে মোড়ানো ১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এসআরবি-৭ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ নভেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে পটিয়া থানার জুলুর দিঘীর পাড় এলাকায় এসএম কমিউনিটি সেন্টারের সামনে বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় ওই সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন সদস্যরা।
তল্লাশির একপর্যায়ে নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা চেকপোস্টে পৌঁছালে এর দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। আটক ব্যক্তিরা হলেন সালমা বেগম (৫০) ও মো. তারেক (২৭)। সালমা কক্সবাজারের মহেশখালী এবং তারেক বান্দরবানের আলীকদম এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারেক জানান, তাঁর সঙ্গে থাকা নারী যাত্রী পেটের ভেতরে ইয়াবা বহন করছেন। পরে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক্স-রে পরীক্ষার মাধ্যমে সালমার পেটে ইয়াবাসদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত করেন।
এরপর চিকিৎসকদের তত্ত্বাবধানে স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ায় সালমার পেট থেকে একে একে ৩৮টি স্বচ্ছ পলিথিনের প্যাকেট বের করা হয়। প্রতিটি প্যাকেটের ভেতরে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো জামজাতীয় পোটলা ছিল। প্রতিটি পোটলায় পাওয়া যায় ৫০টি করে ইয়াবা। সব মিলিয়ে উদ্ধার করা হয় ১ হাজার ৯০০ পিস ইয়াবা।
এসআরবি-৭-এর দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় আটক সালমা বেগম ও মো. তারেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, স্বাধীন খবর