প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৬ || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৬
পুলিশের দায়িত্বে রাজনৈতিক পরিচয়ের প্রভাব চলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ছাত্রজীবনের রাজনীতি কর্মজীবনে নয়, নবীন পুলিশ কর্মকর্তাদের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার না করার পাশাপাশি পেশাদারত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ
স্বাধীন খবর ঢাকা :
ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে কর্মজীবনে তার কোনো প্রতিফলন যেন না ঘটে—এমন নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নবীন পুলিশ ও আনসার কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেছেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারত্ব ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো অবস্থাতেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না।

আজ রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএস (পুলিশ) ও বিসিএস (আনসার) ক্যাডারে নবযোগদানকৃত কর্মকর্তাদের ব্রিফিং ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সুপিরিয়র সার্ভিসের কর্মকর্তা হিসেবে রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা তাঁদের অন্যতম প্রধান দায়িত্ব। এর মাধ্যমে দেশের প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন ও সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করার অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। জনগণের স্বস্তি ও নিরাপত্তা অনেকাংশে তাঁদের দায়িত্ব পালনের ওপর নির্ভরশীল।
কর্মজীবনে শৃঙ্খলা ও সার্ভিস রুলস মেনে চলার ওপর গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব পালনের সময় সব ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে হবে। জ্যেষ্ঠ কর্মকর্তাদের আইনানুগ নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করতে হবে।
পুলিশ ও আনসার বাহিনীর দায়িত্বের চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, অন্যান্য ক্যাডার সার্ভিসের তুলনায় এসব বাহিনীর কাজের ধরন আলাদা। অনেক সময় সংঘাতময় ও প্রতিকূল পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়। এ ক্ষেত্রে বুদ্ধিমত্তা, পেশাদারত্ব ও উপস্থিত বুদ্ধির যথাযথ প্রয়োগ জরুরি।
আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও বিচক্ষণতা প্রদর্শনের আহ্বান জানান মন্ত্রী। একই সঙ্গে পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনোভাবেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (ইনচার্জ) ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৪৫তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে ৮০ জন এবং আনসার ক্যাডারে ২৫ জন কর্মকর্তা সুপারিশপ্রাপ্ত হন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর আজ ১ নভেম্বর পূর্বাহ্নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ ক্যাডারের ৬৫ জন এবং আনসার ক্যাডারের ১৯ জন কর্মকর্তা যোগদান করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, স্বাধীন খবর